ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ এলাকার এমপি হোস্টেলের একটি ভবন থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে বা থানায়ও কেউ সন্ধান করতে আসেনি বলে পুলিশ জানায়।
মৃতহেদ উদ্ধারের ঘটনায় শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা করেছেন যাতে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিতল হোস্টেল ভবনের বাথরুমের পাশে একটি সরু সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে একটু ওপরে ওঠার পর আর কোনো সিঁড়ি নেই, শুধু সামান্য একটু ফাঁকা জায়গা আছে।
অজ্ঞাত নারীর লাশটি সেখানেই পড়েছিল বলে জানান তিনি।
আজিম বলেন, “ওই জায়গা দিয়ে ছাদেও ওঠা যায় না। কীভাবে ওই নারী সেখানে গিয়েছেন বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ওই ফ্ল্যাটগুলো কোন কোন এমপির জন্য বরাদ্দ তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
রোববার সন্ধ্যায় হোস্টেলের ৬ নম্বর ব্লক থেকে গলিত মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই নারী খুন হন বলে পুলিশ ধারণা করছে।
তদন্ত কর্মকর্তা আজিম বলেন, “এমপিরা কেউ দ্বিতীয় তলার কোনো ফ্ল্যাটে থাকেন না। মাঝে মাঝে তাদের সহকারী ব্যক্তিগত সচিবরা (এপিএস) এসে কাজকর্ম করেন।”
কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “হরতালের জন্য মামলাটির দিকে নজর দিতে পারছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৩০ ঘ.
bdnews24