ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে ‘যে কোনোভাবে’ ফিরিয়ে দেওয়ার জন্য সরকারেরর প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার বনানীর নিজ বাসা সিলেট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, “আজ ছয়দিন হয়ে গেছে, আমার স্বামী নিখোঁজ হয়ে আছেন। তার কোনো খোঁজ পাচ্ছি না। আমি কিছুই জানতে চাই না। যে কোনোভাবে আমার স্বামীকে ফেরত চাই।”
বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
তাহসিনার তথ্যের ভিত্তিতে গত শনিবার ইলিয়াসকে উদ্ধারে গাজীপুরের পূবাইলে অভিযান চালায় র্যাব। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। ওই অভিযানে তাহসিনাও ছিলেন বলে র্যাব দাবি করলেও ইলিয়াসের স্ত্রী গণমাধ্যমের কাছে তা অস্বীকার করেন।
একই বিষয়ে সোমবারও তাকে প্রশ্ন করা হলে আবারো বিষয়টি এড়িয়ে তাহসিনা। তিনি বলেন, “আপনারা কেন বারবার এই প্রশ্ন করছেন। আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। ছয়দিন হয়ে গেলো স্বামীর খোঁজ নেই।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহসিনা বলেন, “আইনশৃংখলা বাহিনী আমার কাছে এসে ইলিয়াস আলী সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেয়েছে। কারা তার সঙ্গে চলাফেরা করতো, কোথায় যাওয়া-আসা করতেন ইত্যাদি।”
এ সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা তো অনেক কিছু লিখছেন। আপনাদের কাছে নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য থাকলে আমাকে দিন।”
সোমবার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইলিয়াস আলী সরকারের একটি বাহিনীর হাতে রয়েছেন এবং তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে তার পরিবারকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। বর্তমানে এসব শর্ত নিয়ে বিএনপির সঙ্গে তাদের দর কষাকষি চলছে।
ওই প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা তাহসিনার কাছে জানতে চান- সরকারের পক্ষ থেকে তার ওপর কোনো চাপ রয়েছে কি-না। জবাবে তিনি বলেন, “কে আমাকে চাপ দেবে? কেন দেবে। আমি কোনো চাপকে ভয় করি না। শুধু আমার স্বামীকে ফেরত চাই।”
ইলিয়াস আলীর সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তার স্ত্রী বলেন, “যোগাযোগ করলে তো বুঝতাম, তিনি আছেন।...”
পাশে বসা ছোট মেয়ে সাইয়ারা নাউয়ালকে দেখিয়ে তাহসিনা বলেন, “আপনাদের কাছে আমার আবেদন, এই মেয়েটি যেন এতিম না হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24