২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তপ্ত বিশ্বনাথে দুজন নিহত

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে সংঘর্ষে আহত হয়েছে ১০ পুলিশসহ অর্ধশতাধিক; ভাংচুর হয়েছে কয়েকশ দোকান; হামলা হয়েছে উপজেলা কমপ্লেক্সে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

মনজুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালের সময় তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার দ্বিতীয় দিনের হরতাল চলাকালে দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ইলিয়াসের গ্রাম রামাধানাসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক। ভাঙচুর হয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বেশ কয়েকটি কার্যালয় এবং কমপ্লেক্স সংলগ্ন শতাধিক দোকানপাট। হামলা হয়েছে ইউএনও এর বাড়িতে। সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর জন্য এই হরতালে সংঘর্ষ হয়েছে কানাইঘাট উপজেলায়ও। হরতালকারীরা সিলেট নগরী এবং কোম্পানীগঞ্জ উপজেলা সদরেও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টা থেকে ৪টার পর্যন্ত সংঘাত চলে। হরতালকারীরা বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্সের আশপাশের অন্তত একশ দোকান ভাঙচুর করে এবং আগুন দেয়। সংঘর্ষ থামার পর উপজেলা কমপ্লেক্সের পাশে জামিয়া মাদানিয়া মাদ্রাসার পাশের মাঠে একটি রক্তাক্ত লাশ পাওয়া যায় বলে এসপি জানান। নিহত মনোয়ার হোসেন (২৩) উপজেলার রাজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি গাড়িতে করে বিশ্বনাথ উপজেলা থেকে আরেকটি লাশ হাসপাতালে আনা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই বিএনপির কর্মী দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে ঢাকায় সাংবাদিকদের বলেন, তারা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহাবুব-উল আলম হানিফ এই দুটি মৃত্যুর জন্য বিরোধী দলকেই দায়ী করেছেন। সংঘর্ষ চলাকালে হরতাল সমর্থকরা উপজেলা কমপ্লেক্সের মাঠের পাশে কয়েকটি চায়ের দোকান পুড়িয়ে দেয় বলে স্থানীয়রা জানায়। এছাড়া কমপ্লেক্স চত্বরে ফটোস্ট্যাট, মোবাইল ফোন, কনফেকশনারীসহ শতাধিক দোকান ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় উপজেলা কমপ্লেক্সের অবস্থিত বিভিন্ন দপ্তর, উপজেলা চেয়ারম্যান মহিবুর রহমান ও ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় সেখানে থাকা পাঁচটি মটর সাইকেলে। হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র ভৌমিক আহত হন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় গিয়ে সেখানে থাকা একটি গাড়িতেও আগুন দেয় হরকালকারীরা। প্রচুর গুলি, রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই সময় উপজেলা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পুলিশ সাধারণ মানুষকেও বেধড়ক লাঠিপেটা করে বলে অভিযোগ করেছেন অনেকে। পুলিশের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীদেরও রাস্তায় দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বিশ্বনাথ থানার পরিদর্শক চাঁন মিয়াসহ ১০ জন সংঘর্ষে আহত হন বলে এসপি জানিয়েছেন। এর মধ্যে চান মিয়া, নায়েক সাধন ও কনস্টেবল জামালকে সিলেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আগের দিন সংঘর্ষের পর সোমবার দ্বিতীয় দিনের হরতাল শুরুর পর বেলা সোয়া ২টার দিকে ইলিয়াসের এলাকা অলঙ্কারি ইউনিয়নের রামাধানা গ্রামসহ আশপাশের ৭/৮টি গ্রামের কয়েক হাজার মানুষ লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে থানার দিকে এগোতে থাকে বলে স্থানীয় সাংবাদিকরা জানায়। পুলিশ তাদের উপজেলা কমপ্লেক্সের কাছে আটকে দিলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। আহত হয়ে হাসপাতালে যাওয়ার আগে পুলিশ কর্মকর্তা চাঁন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়েছে পুলিশ।” উপজেলা কমপ্লেক্সের আশপাশ ছাড়াও রামপাশা সড়কে গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে বলে তিনি জানান। বেলা আড়াইটার পর হরতালকারীরা উপজেলা কমপ্লেক্স মাঠের পাশের দোকানে আগুন দেওয়ার পর বালাগঞ্জের তাজপুর থেকে অগ্নি নির্বাপন বাহিনীর গাড়ি গিয়ে আগুন নেভায়। সংঘর্ষ থামার পর নতুন করে সহিংসতা ঘটনা দমনে বিজিবি সদস্য মোতায়েন করা হয় বিশ্বনাথে। বিজিবির ৫ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, দুই প্লাটুন সদস্য সেখানে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, বিকালে সংঘাত থামলেও উপজেলা সদর ও আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে হরতালের প্রথম দিনেও রামাধানা গ্রামবাসী থানা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে নয় পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। রোববার সংঘর্ষস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর সিলেট থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে যাওয়া হয়েছিলো বিশ্বনাথে। বিশ্বনাথে সংঘর্ষের আগে কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ালে অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয় সাংবাদিকরা জানান। ওই সময় অন্তত ১০টি দোকান ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। সিলেট নগরীতে দুপুর ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আড়াইটার দিকে হরতাল সমর্থকরা উপশহর, জেলরোড, মানিকপীর মাজার এলাকায় গাড়ি ভাংচুর ও আগুন দেয়। উপশহরে একটি প্রাইভেটকার ও মানিকপীর মাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন এবং জেলরোডে দুটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি নন্দন কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২টার দিতে বিএনপি নেতা-কর্মীদের বের করা একটি মিছিল থেকে দুটি পাথরবাহী ট্রাক ও একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এরপরেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ বাঁধে বলে জানান ওসি। দুপুরে কানাইঘাট আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল বের করে। কাছাকাছি সময়ে হরতাল সমর্থকদের একটি মিছিল শহরের উত্তর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় হরতাল সমর্থকরা একটি গাড়ি ভাংচুর করলে তাৎক্ষণিকভাবে উপজেলা শ্রমিক লীগ একটি মিছিল বের করে। মিছিলে ‘উস্তানিমূলক’ স্লোগান শুরু হলে বিএনপি নেতাকর্মীরা মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কানাইঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ সময় কানাইঘাট বাজারে ১০টি দোকান ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। প্রায় অধাঘণ্টার সংঘর্ষে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/এমআই/২১৩১ ঘ.