ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল-থানি শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে কাতারের আমির বাংলাদেশ এ কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুই নেতা বাংলাদেশের অবকাঠামো খাতে উপসাগরীয় এই দেশটির বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
কাতারের আমিরের আসন্ন সফরের প্রস্তুতির জন্য দেশটির উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ আল-আত্তাইয়া শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান তিনি।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (১৩তম আঙ্কটাড) যোগ দিতে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলসহ বর্তমানে কাতার সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে প্রায় এক লাখ ৩০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
কাতার সরকার তথ্য-প্রযুক্তি, প্রকৌশল, ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতে আরো বাংলাদেশি নিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কাতার বাংলাদেশ থেকে সিরামিকস, ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, হিমায়িত মাছ ও চামড়াজাত পণ্য আমদানি করলে বাংলাদেশের বাণিজ্য আরো বাড়বে।
কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক, নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট ও গ্যাস উত্তোলনসহ বিভিন্ন খাতে কাতার বাংলাদেশকে সহায়তা করতে পারে বলেও শেখ হাসিনা উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২৩৩২ ঘ.
bdnews24