২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ‘নৈরাজ্য’ রোখার আহ্বান আ. লীগের

হরতালকে কেন্দ্র করে পরিবহন চালকদের হত্যা করা হচ্ছে অভিযোগ এনে ‘নৈরাজ্যের’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালকে কেন্দ্র করে পরিবহন চালকদের হত্যা করা হচ্ছে অভিযোগ এনে ‘নৈরাজ্যের’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রোববার আওয়ামী লীগের এক সমাবেশে তিনি বলেন, “আমরা শুধু সহমর্মিতার কথা বলছি না। আপনারা রুখে দাঁড়ান। জনগণ আপনাদের পাশে থাকবে।” আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বলেন, “হত্যা, খুন আর গুম বিএনপির রাজনীতির পুঁজি। খালেদা জিয়া নিশ্চিত জানেন ইলিয়াস আলী কোথায় আছে।” দলীয় নেতা-কর্মীরা হরতালে জনগণে পাশে থাকবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে বলেন, “তারা কঠোর কর্মসূচি দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর হবে। আর আমরা যারা রাজনীতি করি- তারা আরো কঠোর হবো।” হরতালকে কেন্দ্র করে বিরোধীদল নৈরাজ্য সৃষ্টি করছে দাবি করে তার প্রতিবাদে রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ওই সমাবেশে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। ‘নিখোঁজ’ বিএনপিনেতা এম ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর সোমবারও একই রকমের হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। হরতালের আগের দিন দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসে আগুন দিলে দগ্ধ হয়ে মারা যান বাসচালক। এদিকে রোববার হরতাল চলাকালে সাভারে বিএনপি কর্মীদের ইটের আঘাতে চালক নিয়ন্ত্রণ হারানোয় একটি প্রাইভেটকার সড়কের পাশে খাদে পড়ে মারা যান চালক। প্রাইভেটকারটির মালিকই সেটি চালাচ্ছিলেন। এ সমাবেশ চলাকালেই বিএনপি সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। হানিফ তার বক্তব্যের শুরুতে বিরোধী দলের হরতাল ডাকা এবং হরতালকে কেন্দ্র করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানান। ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, তিনি অন্তর্ধান থেকে বেরিয়ে আসবেন।” ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২০৫৮ ঘ.