পবিপ্রবি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার গভীর রাতে হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ছাত্রলীগ নেতা আতাউর-সোহাগের সমর্থক নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে হরতালবিরোধী মিছিলে কৃষি অনুষদের সপ্তম সেমিস্টারের ছাত্র আসিফ একই অনুষদের ৩য় সেমিস্টারের ছাত্র অপুকে অংশ নিতে বলে। রাজি না হওয়ায় আসিফ অপুকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে ৩য় সেমিস্টারের শিক্ষার্থীরা জুতা মিছিল বের করলে ছাত্রলীগের আতাউর-সোহাগের সমর্থকদের সঙ্গে অপরপক্ষ শুভ-অভিষেকের সমর্থকদের সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে ওসি, সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
সংঘর্ষের সময় শের-ই-বাংলা হলের কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পূর্ণেন্দু বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আহত দুমকি থানার ওসি শাহ নেওয়াজ জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৫৮ ঘ.
bdnews24