২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই এসপির বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে দুই পুলিশ সুপারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে দুই পুলিশ সুপারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন- পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সুপার মোশাররফ হোসেন এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হুমায়ূন কবির। পল্টন থানায় রোববার কমিশনের সহকারী পরিচালক অজয় কুমার সাহার করা দুই মামলায়ই ওই দুই পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার মোট আসামি সাত জন। দুই পুলিশ সুপারের সঙ্গে প্রতিটি মামলায় পুলিশ টেলিকমের সাবেক হিসাব রক্ষক ও প্রধান সহকারী আব্দুল লতিফকেও আসামি করা হয়েছে। প্রথম মামলার বাকি দুই আসামি হলেন- মেসার্স হারুন এন্টারপ্রাইজের সত্ত্ব¡াধিকারী হারুন অর রশিদ ও তার প্রতিনিধি মো. মুনতাসির আলম। দ্বিতীয় মামলায় ওই তিন জনের সঙ্গে মেসার্স বকুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সফিউল খোকন ও তার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম মিন্টুকে আসামি করা হয়েছে। প্রথম মামলার অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ টেলিকম অডিটোরিয়ামের ভেতরে পুরনো বৈদ্যুতিক সংযোগ মেরামত ও নতুন সংযোগ প্রকল্পের ৮২ হাজার নয়শ’ টাকা আত্মসাৎ করেছেন। এজাহারে দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে বলা হয়, এক লাখ ৮৩ হাজার একশ’ দুই টাকার কাজের জন্য দরপত্র দেওয়া হলেও এক লাখ দুইশ’ দুই টাকার কাজ করা হয়েছে। বাকি টাকা আসামিরা আত্মসাৎ করেছেন। দ্বিতীয় মামলায় বলা হয়, পুলিশ টেলিকমের পুরনো ক্যান্টিন ও গার্ড রুম মেরামত ও রং করা এবং কর্মচারী মেসের মেরামত ও স¤প্রসারণ- এ দুটি কাজের জন্য তিন লাখ ২২ হাজার ৭২৩ টাকার বিল দেওয়া হয়। কিন্তু সেখানে মাত্র ২৬ হাজার ৫৮৩ টাকার কাজ হয়েছে বলে দুদকের অনুসন্ধানের বেরিয়ে এসেছে। বাকি দুই লাখ ৯৬ হাজার ১৩৯ টাকা আসামিরা আত্মসাৎ করেছেন। দুটি মামলাতেই ঘটনাস্থল হিসেবে রাজারবাগ পুলিশ টেলিকম ভবন এবং ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে সে বছর ৩০ জুন পর্যন্ত ঘটনার সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএমআর/এমআই/এএইচ/পিডি/২০০৩ ঘ.