ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতালে জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজ স্বাভাবিকভাবে চলছে।
সপ্তাহের প্রথম দিন রোববার অফিস খোলার সময় থেকেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি রয়েছে স্বাভাবিক।
অনেক মন্ত্রীও নির্দিষ্ট সময়ের মধ্যেই তার কার্যালয়ে উপস্থিত হন এবং কর্মকর্তাদের কাছে হরতালের খোঁজ খবর নেন। তবে নিজ এলাকায় থাকায় কয়েকজন মন্ত্রী সচিবালয়ের কার্যালয়ে আসেননি।
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হরতালকে কেন্দ্র করে সকাল থেকেই সচিবালয়ে কর্মীদের আসা শুরু হয়। অনেকেই নির্ধারিত সময়ের আগেই এসে কার্যালয়ে উপস্থিত হন। ফলে অন্য কর্মদিবসের মতোই কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি রয়েছে।
তবে দর্শনার্থীদের উপস্থিতি একদমই নেই। জরুরি প্রয়োজনে বাইরের দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়া দর্শনার্থীর প্রবেশ রয়েছে সংরক্ষিত।
এদিকে হরতালে সুপ্রিম কোর্ট এলাকায় ‘ঢিলেঢালা’ মিছিল সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
বেলা ১১টার দিকে সমিতি ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ২০-২৫ জন আইনজীবী একটি মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটে গিয়ে সমাবেশ করে।
সেখানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মির্জা আল মাহমুদ।
জয়নুল বলেন, “সুরঞ্জিত সেনের দুর্নীতি ঘটনা আড়াল করতে সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত না দিলে আইনজীবীরা এ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”
সমাবেশ শেষে আইনজীবীরা ফের মিছিলটি নিয়ে সমিতি ভবনে এসে ২০ মিনিটের কর্মসূচি শেষ করেন।
পুরান ঢাকার আদালতপাড়ায়ও বিএনপি সমর্থক আইনজীবীরা হরতালের সমর্থনে মিছিল করেছে। তবে পুলিশের বাধায় আদালত প্রাঙ্গণের বাইরে যেতে পারেননি তারা।
ঢাকার হাকিম ও জজ আদালতে বিচারকরা উপস্থিত থাকলেও বিচারপ্রার্থী ও কারাবন্দি আসামিরা হাজির না হওয়ায় প্রায় সব মামলার শুনানিই পিছিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএন/পিবি/আরএ/১৩২৭ ঘ.
bdnews24