২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

এছাড়া পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে কেন্দ্রীয় কমিটির এক নেতাও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মিছিল থেকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালে এছাড়াও পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, এর মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খলিলুর রহমানও রয়েছেন। হরতালের সমর্থনে সকাল ১১টার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে মিছিল বের করে বিএনপি। তখন পুলিশ তাতে লাঠি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওয়ারী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসাধারণের চলাচলে বাধার সৃষ্টি করায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।” আবুল বাশারের ভাগ্নে মৃণাল হোসেন জানান, তার মামা ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এদিকে সকালে ঢাকার আদালতপাড়ার পেছনের একটি বহুতল ভবন থেকে খলিলসহ ছাত্রদলের ২০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ৫০/৬০ জন যুবক সেখানে জড়ো হচ্ছিল। পুলিশ হানা দিয়ে ২০ জনকে আটক করেছে। অন্যরা পালিয়ে যায়।” পুলিশের অভিযানে ছাত্রদল নেতা-কর্মীরা বিভিন্ন আইনজীবীর চেম্বারে আশ্রয় নেয়। ওসি বলেন, “এখানে প্রত্যেক ল’ইয়ারের চেম্বারে ৫০/৬০টি করে গাউন পাওয়া গেছে। এটা আসলে একটা কৌশল। পুলিশ এলেই এরা গাউন পরে নেয়।” হরতালের সমর্থনে আদালতপাড়ায় মিছিল করে বিএনপি সমর্থক আইনজীবীরা। তবে তারা আদালত প্রাঙ্গণের বাইরে বের হতে পারেনি। এদিকে মহাখালীতে একটি টেম্পু ভাংচুররত অবস্থায় একজন পিকেটারকে হাতেনাতে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এমএমআর/এমআই/১২২২ ঘ.