ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কয়েকশ গজের মধ্যে ফকিরাপুল কাঁচা বাজারের কাছে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১১টার দিকে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের দিকে আসছিল। হঠাৎ তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ এগোলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ বলছে, ছাত্রদলের ওই মিছিল থেকেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে বিএনপির দাবি, সরকার সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববারের এই হরতালের শুরুতেও নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এদিকে দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আরো তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডাকে বিএনপি। কর্মসূচির আগের দিন ঢাকায় আটটি বাসে আগুন দেওয়া হয়। এতে মারা যান এক বাসচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচএ/এমআই/১৩৩৮ ঘ.
bdnews24