ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর বনানীর বাসার সামনে জড়ো হয়েছেন সাংবাদিকরা।
বনানী ২/১ সড়কে তার ‘সিলেট হাউজ’-এর সামনে প্রায় ২০ জন সাংবাদিক অবস্থান করছেন বলে শনিবার রাত সাড়ে ১১টায় সেখান থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি।
ইলিয়াসকে উদ্ধারে গাজীপুরের পূবাইলে র্যাব-পুলিশের একটি যৌথ দল শনিবার অভিযান চালালেও তা নিষ্ফল হয়। ইলিয়াসের স্ত্রী তাহসীনা রুশদীর লুনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছিল র্যাব।
তবে ব্যর্থ অভিযানের পর রাতেই বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের সঙ্গে কোথাও যাওয়ার বিষয়টি অস্বীকার করেন তাহসীনা।
খালেদার গুলশান কার্যালয়ে রাত ১০টা থেকে ৪৫ মিনিট অবস্থান করেন তাহসীনা। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পর খালেদাও তার বাসায় ফিরে যান।
ইলিয়াসের ‘নিখোঁজের’ পরদিন (বুধবার) তাকে ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন তার স্ত্রী তাহসীনা।
বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে।
পুলিশ শনিবার পর্যন্ত ইলিয়াস বা তার গাড়িচালকের কোনো খবর দিতে পারেনি।
ইলিয়াস ‘নিখোঁজের’ প্রতিবাদে বিএনপি রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
খালেদা জিয়া দাবি করেছিলেন, সরকারের ‘এজেন্সির লোকজন’ ইলিয়াসকে তুলে নিয়ে গেছে।
তবে এ ঘটনাকে ‘নাটক’ হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপিই এ কাজ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24