২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ মারার দায় খালেদাকে নিতে হবে: হানিফ

যানবাহনে অগ্নি সংযোগ এবং একজনকে ‘পুড়িয়ে মারার’ দায়দায়িত্ব বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানবাহনে অগ্নি সংযোগ এবং একজনকে ‘পুড়িয়ে মারার’ দায়দায়িত্ব বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। তিনি বলেছেন, “তাদের একজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য বাসে আগুন এবং একজনকে হত্যা- এই হত্যার দায় বিরোধীদলীয় নেতাকে নিতে হবে।” ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকালে ঢাকার সাংসদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের এক অনির্ধারিত বৈঠক শেষে হানিফ এ কথা বলেন তিনি। বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন শনিবার রাজধানীতে খিলগাঁওয়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান এক চালক। এছাড়া গুলিস্তান, আজিমপুর, উত্তরা আজমপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে আরো চারটি বাস। বিরোধী দলকে হরতালের প্রত্যাহার করে ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ঘটনায় সরকারি তদন্তের সহায়তার জন্য বিএনপি’র প্রতি আহবানও জানান হানিফ। বিএনপি’র এই সংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। বিএনপি নেতা ইলিয়াস আলী কোথায় আছে- আমরা তা জানি না।” “এর আগেও বিএনপি নেতাদের এধরণের ঘটনা ঘটেছে। অনেকে গোপন জায়গায় থেকে আবার ফিরে আসেন।” “বিএনপি নেতা হারিস চৌধুরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না,” যোগ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য বের হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। গত বৃহস্পতিবার মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের এক আলোচনা সভায় শেখ হাসিনা দাবি করেন, আন্দোলনের ইস্যু তৈরি করতে বিএনপি এই ঘটনা ‘সাজিয়েছে’। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় খালেদা জিয়া তিন দিন নিরুদ্দেশ ছিলেন বলে অভিযোগ করে আসছে আওয়ামী লীগ। একই প্রসঙ্গে গত বৃহস্পতিবার শেখ হাসিনা বলেন, “... হারিছ চৌধুরী তো তত্ত্বাবধায়কের আমল থেকে হারিয়ে আছেন। তার তো খোঁজই পাওয়া যাচ্ছে না।” ইলিয়াস আলীকে পাওয়া না গেলে বিএনপির লাগাতার হরতালের হুঁশিয়ারি সম্পর্কে হানিফ বলেন, “লাগাতার কর্মসূচি দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে এটা ঘটানো হয়েছে কি না? এখানে গভীর রহস্য আছে।” রোববারের হরতালে আওয়ামী লীগ রাজপথে থাকবে কি না জানতে চাইলে হানিফ বলেন, “আমরা পাল্টা কর্মসূচিতে বিশ্বাস করি না। আমরা জনগণের দল। আমরা জনগণের সামনে থাকবো।” বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি। এর পরদিন (বুধবার) তার স্বামী ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন দাবি করে তার স্ত্রী তাহসীনা রুশদীর লুনা স্বামীেেক ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন। বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে। পুলিশ শনিবার পর্যন্ত ইলিয়াস বা তার গাড়িচালকের কোনো খবর দিতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১৪ ঘ.