কুড়িগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য নিয়ে আটকের জেরে জনতা-পুলিশ সংঘর্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অন্তত ২৫ জন আহত হয়েছে।
এ নিয়ে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ সংঘর্ষে আহতদের মধ্যে কুড়িগ্রামের ইউএনও এবং ওসিও রয়েছেন।
আটক দু’জন হলেন ক্বারী আবুল কাশেম সরকার এবং তার সঙ্গী মাহিন আহম্মেদ।
পুলিশ সুপার মাহবুবুর রহমান শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে নাগেশ্বরী থানার ওসি দেলোয়ার হাসান বলেন, শুক্রবার রাত ১০টায় নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে উত্তর ধরলা ওলামা যুব পরিষদের আয়োজনে একটি ওয়াজ মাহফিল শুরু হয়। মঞ্চে উপস্থিতদের অধিকাংশ ছিলেন জামায়াত ও বিএনপি নেতাকর্মী।
স্থানীয় নেতাদের বক্তব্য শেষে রাত ১২টায় প্রধান বক্তা ক্বারী আবুল কাশিম সরকার ওয়াজ শুরু করেন। এ সময় তিনি সংবিধান ও ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওখানে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং ওয়াজ শেষে রাত দেড়টার দিকে ক্বারী আবুল কাশেম সরকার ও মাহিন আহম্মেদকে থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাত ২টার দিকে একদল লোক সংঘবদ্ধ হয়ে তাদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে। এ সময় ইউএনও রফিকুল হক ঘটনাস্থলে এলে কিছু লোক তার গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশ লাঠিপেটাসহ রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।
এভাবে দফায় দফায় ভোর ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে।
ওসি বলেন, আহতদের মধ্যে ইউএনও রফিকুল হক, তার গাড়ি চালক লিটন, ওসি দেলোয়ার হাসান, এসআই ইকবাল হোসেন, এএসআই নাজমুল নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের নাম জানা যায়নি।
পুলিশ হেফাজতে থাকা ক্বারী আবুল কাশেম সরকার বলেন, “আমি বলেছি-আল্লাহর নামে শুরু করছি, কোনো নেতানেত্রীর কাছে আশ্রয় নেব না। কারণ মানুষের কাছে/সৃষ্টির কাছে আশ্রয় নিয়ে লাভ নেই।
“আমরা শুনেছি সংবিধান থেকে আল্লাহর নাম তুলে দেওয়া হয়েছে। লেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতা। রোজা-নামাজ পড়বে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা অস্বীকার করবে- এমন মুসলমানের মরার পর কবরে শোয়ায়ে, জানাজা পড়ে লাভ কী? এমন মুসলমানের প্রয়োজন নেই।
“যে ভাইয়েরা না বুঝে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন এখনো সময় আছে নতুন বিল এনে সংবিধান পরিবর্তন করুন।”
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান সকালে সদর থানায় প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্বারী আবুল কাশেম ধর্মসভার নামে সরকার বিরোধী এবং ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় উপস্থিত মুসল্লিরা ক্ষিপ্ত হয়। শান্তি বজায় রাখতে ওই ক্বারী ও তার এক সঙ্গীকে আটক করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24