২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের গাড়িচালকের খোঁজে ঢাকায় তার স্ত্রী

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর সন্ধানে সিলেট থেকে ঢাকায় এসেছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর সন্ধানে সিলেট থেকে ঢাকায় এসেছেন তার স্ত্রী। তার স্বামী চার দিন ধরে ‘নিখোঁজ’ জানিয়ে মুক্তা বলেছেন, তার কোনো সন্ধান তিনি পাচ্ছেন না। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের কাছে আকুল আবেদন- যে কোনো মূল্যে আমার স্বামীকে ফিরে পেতে চাই।” ইলিয়াস আলীর গাড়িচালক আনসারই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে জানান মুক্তা। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি। এর পরদিন (বুধবার) তার স্বামী ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন দাবি করে তার স্ত্রী তাহসীনা রুশদীর লুনা স্বামেেীক ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন। বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে। পুলিশ শনিবার পর্যন্ত ইলিয়াস বা তার গাড়িচালকের কোনো খবর দিতে পারেনি। চালকের স্ত্রী মুক্তা শনিবার সংবাদ সম্মেলনে বলেন, “আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের একমাত্র শিশুকন্যা চাঁদনি কিছু খাচ্ছে না। সে সব সময় বাবার জন্য কান্না-কাটি করে।” স্বামীকে ফিরে পেতে সরকারের সহায়তা কামনা করে মুক্তা বলেন, আনসার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ইলিয়াস আলীর গাড়ির চালক হিসেবে চাকরি করেন। আনসার আলী এবং সাবেক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়িচালক আলী আজমের সন্ধানের দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ চালক দল। আলী আজমের পরিবারকে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও ‘অজ্ঞাত’ কারণে তারা কেউ আসেনসি বলে জানান সংগঠনের আহ্বায়ক সেলিম রেজা বাবু। সেলিম রেজা বাবু বলেন, “আমরা গাড়ি চালিয়ে সংসার চালাই। আমাদের দুই চালক আজ নিখোঁজ হয়েছেন। তাদের পরিবার চিন্তিত। এজন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি- তাদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক।” গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা নিয়ে খবর প্রকাশ হয় গণমাধ্যমে। এ ঘটনায় ফারুকসহ ঘটনার সময় উপস্থিত দুই রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পদত্যাগ করেন সুরঞ্জিত; যদিও তাকে এরপর দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। ফারুকের গাড়িচালক আজম গাড়িতে টাকা থাকার বিষয়ে বিজিবি সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন বলে গণমাধ্যমের খবর প্রকাশ হয়। ওই ঘটনার পর থেকে আজমের কোনো হদিস পায়নি তার পরিবার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইলিয়াস আলীর ছেলে আবরাব ইলিয়াস ও ছোট বোন দিলারা শারমিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮০৯ ঘ.