২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ আনসারের সন্ধান চেয়েছেন তার স্ত্রী

বিএনপি নেতা ইলিয়াস আলীর সঙ্গে নিখোঁজ হওয়া গাড়ি চালকের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

সিলেট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলীর সঙ্গে নিখোঁজ হওয়া গাড়ি চালকের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী। শুক্রবার বিকেলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ গাড়ি চালক আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম এ আবেদন জানান। মঙ্গলবার রাতে ‘নিখোঁজ’ হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার। মহাখালীর আমতলী সংলগ্ন একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে গাড়ি থেকে উদ্ধার করা হয় আনসারের ব্যবহৃত মোবাইল ফোন। মুক্তা বেগম বলেন, “প্রধানমন্ত্রী বোঝেন স্বজন হারানোর বেদনা কত কষ্টকর। তাই আমার স্বামীকে ফিরিয়ে দিতে পদক্ষেপ নেবেন বলে আশা করি।” দুই বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলার এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। পেশাদার গাড়ি চালক হিসেবে স্বামী আনসার দীর্ঘদিন ধরে ইলিয়াস আলীর গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন উল্লেখ করে মুক্তা বলেন, “আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তার বৃদ্ধা মাসহ পরিবারের সবাই শোকাগ্রস্ত।” অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মসজিদ ও মন্দিরে প্রার্থনা এদিকে এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে শুক্রবার বাদ জুম্মা সিলেট জেলা ও মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেটের বিভিন্ন মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা ও শিরনি বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১৯৩৪ ঘ.