২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রমিকদের অভুক্ত রেখে পোশাক শিল্প এগোবে না’

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পঞ্চম জাতীয় সম্মেলনে বক্তারা তৈরি পোশাক শিল্পের গতিশীলতা ধরে রাখতে ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নসহ শ্রমিকদের দাবি পূরণের ওপর গুরুত্ব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পের গতিশীলতা ধরে রাখতে ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নসহ শ্রমিকদের দাবি পূরণের ওপর গুরুত্ব দিয়েছে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী। শুক্রবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের ৪০ লাখ পোশাকশ্রমিককে অভুক্ত রেখে, নির্যাতন করে এই শিল্পকে বেশি দূর এগিয়ে নেওয়া যাবে না।” জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট টিইউসির সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ কমিউনিস্ট নেতা জসীমউদ্দিন মণ্ডল। সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান, শ্রমিক নেতা মন্টু ঘোষ, যুব ইউনিয়ন নেতা কাফি রতন, গার্মেন্ট টিইউসি নেতা কে এম রুহুল আমিন, সাদেকুর রহমান শামীম, এম এ শাহীন, আকলিমা আক্তার প্রমুখ। সিপিবি সভাপতি মনজুর আগামী বাজেটে পোশাক শ্রমিকদের রেশন ও বাসস্থানের জন্য বিশেষ বরাদ্দসহ ১০ দফা দাবি বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, “আইনের মধ্যেই আছে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে, দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, বিনা কারণে বরখাস্ত করা যাবে না। কিন্তু কোনো আইনই মানা হয় না।” দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্পের বিকাশের স্বার্থে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী। গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক রুহুল আমিন পোশাকশ্রমিকদের রেশন এবং বাসস্থান সুবিধা চালুর দাবি জানিয়ে বলেন, “সামাজিক নিরাপত্তা বলয় ছাড়া আমরা বেঁচে থাকতে পারছি না। এটা কোনো সুবিধাবাদী লড়াই নয়, এটা আমাদের বেঁচে থাকার লড়াই।” সম্মেলনে পোশাকশ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- সব কারখানায় ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে সঙ্গতিপূর্ণ মজুরি নির্ধারণ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক ও মজুরি স্লিপ প্রদান, নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ কারখানা স্থানান্তর, শ্রমিক এবং তার পরিবারের চিকিৎসার ব্যবস্থা করা। ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী জসী মণ্ডল দাবি আদায়ে দেশের সব কারখানায় শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য গার্মেন্ট টিইউসির প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৯২৮ ঘ.