চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আবেদন কলোানির এক বাসায় ইয়ারা রেখে গৃহকর্তাকে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন র্যাবের এক ‘সোর্স’।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার আবেদন কলোনিতে শরিফুল ইসলাম রিন্টুর বাসায় র্যাব ডেকে তল্লাশির সময় কথিত সোর্স এবায়দুর রহমানকে (৪৮) ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গৃহকর্তা শরিফুলের অভিযোগ, জায়গা দখল নিতে রাউজানের ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান এ ঘটনা ঘটিয়েছেন।
শরিফুল জানান, র্যাব-৭ এর ডিএডি হায়দারের নেতৃত্বে কয়েকজন সদস্য তার বাসায় তল্লাশি চালাতে আসে। এ সময় এবায়দুর একটি প্যাকেট বসার ঘরে ফেলে রাখার চেষ্টা করলে ঘরের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এর মধ্যে ২০০টি ইয়াবা ট্যাবলেট ছিলো। র্যাবের ডিএডি হায়দারের কাছে প্যাকেটটি দেওয়া হয়েছে।
পরে পুলিশ এসে এবাদুরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অবশ্য এ সময় উপস্থিত থাকা র্যাবের অপর সোর্স আইয়ুব পালিয়ে গেছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত এবায়দুর নিজেকে র্যাবের ‘সোর্স’ বলে দাবি করেছেন। তার কাছ থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
গৃহকর্তা শরিফুল ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমানের বিরুদ্ধে তাদের বাড়ি দখলের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে, আবদুর রহমান র্যাবকে ভুল তথ্য দিয়ে এ অভিযান চালিয়েছেন।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোর্স র্যাবের টহল দলকে ভুল তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যায়। প্রতারণা করায় এবং ইয়াবা ট্যাবলেট ফেলে রাখার চেষ্টার অপরাধে র্যাব সদস্যরা তাকে আটক করে পুলিশে দেয়।
এই ঘটনায় শরিফুল বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৬১৩ ঘ.
bdnews24