ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে সুসম্পর্ক চাওয়ার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ দেখা করতে গেলে খালেদা জিয়া তাকে এই কথা বলেন বলে জানিয়েছেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টা থেকে ৪০ মিনিট খালেদার সঙ্গে আলোচনা করেন পঙ্কজ শরণ।
বর্তমান সরকারকে ভারতের কাছে ‘নতজানু সরকার’ আখ্যা দিয়ে আসা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দায়িত্ব নেওয়ার পর এটাই হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ।
শমসের মবিন সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেতা নতুন হাইকমিশনারকে বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলো পারস্পরিক সমতার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করা গেলে দুই দেশের সম্পর্ক শক্তিশালী হবে।”
পঙ্কজ শরণ বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে এটা তার সৌজন্য সাক্ষাৎ ছিল। তার সঙ্গে ‘ভালো’ আলোচনা হয়েছে।
শমসের মবিন বলেন, ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
“বিরোধীদলীয় নেতা প্রস্তাব করেছেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা গেলে যে কোনো আস্থার সঙ্কট দূর হবে,” বলেন তিনি।
বৈঠকে সার্কের মাধ্যমে সন্ত্রাস দমন, বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বলে সাবেক কূটনীতিক শমসের মবিন জানান।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সুস্বাস্থ্য কামনা করে তাদের কাছে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে হাইকমিশনারকে অনুরোধ জানান খালেদা জিয়া।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শমসের মবিন ছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৪৬ ঘ.
bdnews24