মাগুরা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ফরিদপুরে গড়াই নদীর চর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার গড়াই নদীর মাটিকাটা চর থেকে শরীফ বাসেদুর রহমান (২৫) নামের ওই যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়।
বাসেদ শহরতলির পারনান্দুয়ালী এলাকার শরীফ আবু জাহিদের ছেলে। চালকল ও ইটভাটা ব্যবসায়ী বাসেদ শনিবার নিখোঁজ হলে মঙ্গলবার মাগুরা সদর থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন।
মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রামবাসীর দেওয়া খবরের ভিত্তিতে পাশের মধুখালী উপজেলার গড়াই নদীর মাটিকাটা চর থেকে একটি গলিত ও ক্ষতবিক্ষত লাশ মধুখালী থানা পুলিশ উদ্ধার করে।
বাসেদের বাবা শরীফ আবু জাহিদ ঘটনাস্থলে গিয়ে তার কাপড় দেখে নিহতের লাশ শনাক্ত করেন।
পরে লাশ মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় বাসেদের বাবার সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ শ্রীপুর থানার রাধানগর এলাকার সাজিদুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২২০০ ঘ.
bdnews24