নেত্রকোণা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোণার দুর্গাপুরে দুটি বসতঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত হয়েছেন।
দুর্গাপুর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার চকলেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হোসনে আরাকে (৩৫) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির মালিক ফরহাদ মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী আনোয়ার হোসেন ও তার বসতঘরের জমির মালিকানা নিয়ে দুর্গাপর উপজেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমানের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে হাবিবুর রহমানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের দুটি বাড়িতে হামলা চালায়।
তারা বাড়ি দুটি বসতঘর ভেঙে দেয় ও ব্যাপক লুটপাট চালায়। এ সময় পেটে লাথি মারলে তার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন।
ক্ষতিগ্রস্ত আরেক বাড়ির মালিক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ঘর ভাঙচুর করার আগে ঘরে থাকা আট ভরি স্বর্ণের গহনা, নগদ ছয় লাখ টাকাসহ বাড়ির অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে।
ওসি মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় দুর্গাপর থানায় অভিযোগ করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৩৪ ঘ.
bdnews24