ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের মুদ্রাপাচার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী পুলিশ সদস্য আলীমুজ্জামানকে জেরার পরবর্তী তারিখ রাখা হয়েছে ২৬ এপ্রিল।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন বৃহস্পতিবার এই দিন রাখেন।
মুদ্রাপাচার মামলার আগে তারেক ও তার ব্যবসায়ী অংশীদার মামুনের বিরুদ্ধে যে চাঁদবাজী মামলা হয়েছিল, তার নথিসহ ২৬ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল ওইদিন এসব নথি আদালতে হাজির করবেন বলে জানিয়েছেন।
বর্তমানে ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলীমুজ্জামানকে গত ৫ এপ্রিল আংশিক জেরা করেছিল আসামিপক্ষ।
বৃহস্পতিবার অবশিষ্ট জেরায় তিনি জানান, ২০০৯ সালে ক্যান্টেেমন্ট থানায় পরিদর্শক হিসাবে দায়িত্ব পালনকালে চাঁদাবাজি মামলার তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন, চাঁদা বাবদে নেওয়া অর্থ পাচার করা হয়েছে।
তিনি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানালে ওই বছর ২৬ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলা করেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
মামলার এজাহারে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন গিয়াস উদ্দিন আল মামুন। আর এ কাজে তিনি তারেক রহমানের প্রভাব কাজে লাগান।
ওই অর্থ পরে সিঙ্গাপুরে পাচার করা হয় বলে অভিযোগ করা হয় মামলায়।
গত বছরের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
তারেক রহমানকে পলাতক দেখিয়ে আদালত গত বছরের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন করে। তারেকের বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।
এ মামলায় এ পর্যন্ত পাঁচজন সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে তিনজনের জেরা শেষ হয়েছে।
আসামি পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার ফখরুল ইসলাম ও সানাউল্লাহ মিয়া। তবে তারেক পলাতক থাকায় তার আইনজীবীরা সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে গ্রেপ্তার হন তারেক। উচ্চ আদালতের জামিন নিয়ে পরের বছর তিনি ‘চিকিৎসার জন্য’ লন্ডনে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭০৩ ঘ.
bdnews24