ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে- স্ত্রীর এই অভিযোগে এই বিএনপি নেতাকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারকে তার জানাতে বলেছে আদালত।
ইলিয়াস আলীর স্ত্রীর একটি রিট আবেদনে বৃহস্পতিবার হাই কোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়। স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত ১০ জনকে এই রুলের জবাব দিতে হবে ১০ দিনের মধ্যে।
গত মঙ্গলবার মধ্যরাত থেকে নিখোঁজ ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির অভিযোগ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
দেড় দিনেও স্বামীর খোঁজ না পেয়ে তাহসিনা রুশদীর লুনা সকালে রিট আবেদন করলে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে শুনানির পর রুল জারি করা হয়।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি/বিশেষ শাখা), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ তদন্ত বিভাগ/সিআইডি), ঢাকা জেলা প্রশাসক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উপকমিশনার (ডিবি), বনানী থানার ওসি ও গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে একই বিষয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আলাদা একটি রুল দিলেও পরে অন্য বেঞ্চে শুনানির তথ্য জেনে তা প্রত্যাহার করেন।
স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ধরে নিয়ে গেছে’ অভিযোগ এনে রিট আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহসিনা।
আদালতে ইলিয়াসের স্ত্রীর পক্ষে শুনানি করেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
তাসসিনার আবেদনে বলা হয়, বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। আটকের ৩০ ঘণ্টা পার হওয়ার পরও তাকে আদালতের হাজির করা হয়নি। তিনি কোথায় রয়েছেন, সরকার তাও প্রকাশ করছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন স্থানে রেখে ইলিয়াস আলীর ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন স্ত্রী।
তাহসিনা দাবি করেন, বেশ কয়েকটি মামলার আসামি ইলিয়াস সবকটিতে জামিনে থাকলেও দুর্নীতি ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে তাকে অবৈধভাবে আটকের চেষ্টা করে আসছিল।
সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াসকে ‘গুম’ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল হয়েছে। রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
‘স্বতঃপ্রণোদিত আদেশ, পরে প্রত্যাহার’
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে তাহসিনার আবেদনের শুনানির আগেই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ হয়। পরে মওদুদ আহমদের অনুরোধে ওই আদালত আদেশটি প্রত্যাহার করে নেয়।
স্বতঃপ্রণোদিত ওই আদেশে ‘ইলিয়াস আলীকে উদ্ধারে সব ধরনের শক্তি নিয়োজিত করতে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আদেশ দেওয়া হয়েছিল।
একইসঙ্গে মধ্য রাতে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী ২৯ এপ্রিল প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ওই বেঞ্চ।
মধ্যাহ্ন বিরতির পর অ্যাডভোকেট মনজিল মোরসেদ দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন নজরে আনলে আদালতের এই আদেশ হয়।
পরে ৩টার দিকে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে ইলিয়াস আলীর স্ত্রীর রিট আবেদনের শুনানি শুরু হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, হাই কোর্টের অন্য একটি বেঞ্চ এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন।
তখন আদালত শুনানি মুলতবি রেখে অন্য আদালতের আদেশ দেখে আসতে মওদুদ আহমদকে পরামর্শ দেন।
এরপর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন আদালতে গিয়ে মওদুদ বলেন, “ইলিয়াস আলীর স্ত্রী সকালে একটি রিট আবেদন করেছেন। ওই আবেদনের শুনানির জন্য আমরা অন্য একটি বেঞ্চে বিশেষ অনুমতি নিয়েছি।”
“সংক্ষুব্ধ হয়ে কেউ রিট আবেদন করলে ওই একই বিষয়ে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে কোনো আদেশ প্রদান করতে পারেন না” উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী মওদুদ এই আদালতের আদেশটি প্রত্যাহারের অনুরোধ করেন।
তখন বিচারকরা বলেন, তাদের আদেশ আপাতত কার্যকর হবে না। অন্য বেঞ্চের আদেশ দেখে পরে তারা সিদ্ধান্ত নেবেন।
এরপর মওদুদসহ ইলিয়াস আলীর স্ত্রীর আইনজীবীরা আবার বিচারপতি ফরিদ আহাম্মদ নেতৃত্বাধীন বেঞ্চে যান।
মওদুদ বলেন, স্বতঃপ্রণোদিত আদেশ দেওয়ার সময় সংশ্লিষ্ট আদালত ইলিয়াস আলীর স্ত্রীর রিট আবেদনের বিষয়ে জানতেন না। তাছাড়া সেখানে আদেশ হলেও সেটি এখনো স্বাক্ষর হয়নি।
এরপর এই আদালত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেনকে ডেকে পাঠান।
তিনি এই আদালতে এসে বলেন, স্বতঃপ্রণোদিত আদেশটি স্থগিত রয়েছে। এই আদালত কোনো আদেশ দিলে তা পরস্পরবিরোধী হবে না।
এরপর আদালত আবেদনটি উপস্থাপনের নির্দেশ দিলে মওদুদ তা করেন। আদালত শুনানির পর রুল দেয়।
বিচারপতি ফরিদ আহাম্মদ নেতৃত্বাধীন বেঞ্চের আদেশের পর মওদুদ তা বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চে গিয়ে জানান। তখন ওই বেঞ্চ তাদের স্বতঃপ্রণোদিত আদেশটি প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এমআই/১৯০০ ঘ.
bdnews24