ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তদন্তের অগ্রগতি জানাতে বলেছে মুখ্য মহানগর হাকিম আদালত।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার সকালে জিডির বিষয়টি ঢাকার মুখ্য মহানগর হাকিম মুনিরুজ্জামানের আমলে আনলে তিনি এই আদেশ দেন।
আদেশে বলা হয়, ৪৮ ঘণ্টা পরপর তদন্তের অগ্রগতি জানানোর এই নির্দেশনা মহানগর পুলিশ কমিশনারকেও জানিয়ে দিতে হবে।
রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই সময় থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
এ ঘটনায় তাহসিনা রুশদী লুনা বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিয়ম অনুসারে জিডির বিষয়টি আদালতকে জানিয়েছি। এই পরিপ্রেক্ষিতে তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশনা দিয়েছে।”
সাবেক সাংসদ ইলিয়াসের অন্তর্ধাণের পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান না পেয়ে বিএনপি অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে।
যদিও এমন অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকারের কোনো বাহিনী ইলিয়াসকে গ্রেপ্তার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/জেকে/১২২৫ ঘ.
bdnews24