২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের যুব বিদ্রোহ মুক্তিযুদ্ধের প্রেরণা যোগায়

ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল বলে একটি আলোচনা সভার বক্তারা মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 06:12 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল বলে একটি আলোচনা সভার বক্তারা মন্তব্য করেছেন। ১৯৩০ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে সংঘটিত যুব ব্রিদ্রোহ হয়েছিল স্মরণে বুধবার সন্ধ্যায় সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ‘ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপানো চট্রগ্রাম যুব বিদ্রোহ’ শীর্ষক এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, যুব বিদ্রোহের অগ্নিস্ফূলিঙ্গ আগুনের গোলা হয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। এই গৌরবগাথা বছরের পর বছর ধরে বাঙালিকে অনুপ্রাণিত করে চলেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বহুমাত্রিকতা ও নানা স্রোতধারা আমাদের মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত ও অগ্রসর করতে সাহায্য করেছে। মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে যে ভিন্নধারার সন্ত্রাসবাদী চিন্তাধারা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল তার অবদান মুক্তিযুদ্ধেও রয়েছে।” “সন্ত্রাসবাদের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের চিন্তাধারায় সেদিন চট্টগ্রামের যুবকেরা সংগ্রাম করেছিল।” ইংরেজ শাসনামলে ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করা হয়। ২২ এপ্রিল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসকদের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যান ওই স্বাধীনতা আন্দোলনের সূর্য সৈনিকেরা। প্রতিবছর দেশের বামপন্থী দলগুলো এ দিনটিকে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস’ হিসেবে পালন করে আসছে। ‘রোড টু ফ্রিডম’ নামের একটি সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে সিপিবির প্রেসিডিয়াম মেম্বার হায়দার আকবর খান রনো, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি রতন, মুক্তিযোদ্ধা আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম, পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ ও গবেষক হরিপদ দে প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগর লোহানী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/০০১০ ঘ.