মামুনুর রশীদ ও আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক বিভাগের ব্যর্থতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে আবেদনকারীদের একটি বড় অংশ প্রবেশপত্র পাননি। অন্যদিকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়েও হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
আগামী শুক্রবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে প্রায় ৪৯ হাজার আবেদনকারী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন কৃষি ব্যাংকের কর্মী ব্যবস্থাপনা বিভাগ-১ এর সহকারী মহাব্যবস্থাপক আমিনুল হক।
ডাকযোগে প্রবেশপত্র পাওয়ার কথা থাকলেও অনেকে তা পাননি স্বীকার করে তিনি বলেন, “আমরা সঠিকভাবেই প্রত্যেককে পোস্ট অফিসের মাধ্যমে প্রবেশপত্র পাঠিয়েছি। হয়ত পোস্ট বিভাগের সমস্যার কারণে অনেকে তা পাননি।”
তাই ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গত ৫ এপ্রিল ডেইলি স্টারের ২৩ নম্বর পৃষ্ঠায় কৃষি ব্যাংকের এক বিজ্ঞাপনে বলা হয়, যে সব প্রার্থী ১১ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র পাননি তারা ২ কপি সত্যায়িত ছবিসহ ব্যাংকের মূল কার্যালয়ে যোগাযোগ করে ডুপ্লিকেট) প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ডুপ্লিকেট প্রবেশপত্র দেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
কিন্তু তা সংগ্রহ করতে আসা মাদারীপুরের শিবচর থানার ওয়াহিদুজ্জামান অসীম অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন অজুহাতে ডুপ্লিকেট প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানাচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা। শুধু স্বাক্ষর নেই, এমন অজুহাত দেখিয়ে প্রায় ৫০০ জনের আবেদন বাতিল করা হয়েছে।”
মাদারীপুরের শিবচর থানার একজনও প্রবেশপত্র পায়নি বলে দাবি করেন অসীম।
“শুক্রবার পরীক্ষা, অথচ এখন পর্যন্ত আমাদের প্রবেশপত্রের জন্য দৌড়াতে হচ্ছে। আর সবাই যে প্রবেশপত্র পাবে, তারও কোনো নিশ্চয়তা দেখছি না,” বলেন তিনি।
ঝিনাইদহ এলাকার প্রার্থী মো. সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের মূল কার্যালয়ে এসে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তুচ্ছ কারণে আমাদের অনেকেরই আবেদনপত্র এখন বাতিল করে দেওয়া হয়েছে।”
“এছাড়া ঢাকায় এসে বাড়তি কয়েকদিন কাটানো আমাদের মতো নিুমধ্যবিত্ত পরিবারের একজনের জন্য খুবই কঠিন। এর সঙ্গে যোগ হয়েছে অনিশ্চয়তা,” বলেন তিনি।
তবে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহের ক্ষেত্রে হয়রানির প্রসঙ্গে সহকারী মহাব্যবস্থাপক আমিনুল হক বলেন, “এর প্রশ্নই ওঠে না। যাদের কার্ড ইস্যু হয়েছে, তারা অবশ্যই ডুপ্লিকেট প্রবেশপত্র পাবে।”
মোট কতজন আবেদনকারী প্রবেশপত্র পাননি- তার সঠিক পরিসংখ্যান না দিতে পারলেও তিনি বলেন, “আনুমানিক ৭০০ থেকে ৮০০ জনকে বুধবার দুপুর পর্যন্ত ডুপ্লিকেট প্রবেশপত্র দেওয়া হয়েছে। আগামীকাল সঠিক সংখ্যাটা জানা যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/২৩৩১ ঘ.
bdnews24