২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল-ফারুকের দাবি, এটা ষড়যন্ত্র

‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় দুদকে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার পর সাংবাদিকদের কাছে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক বলেছেন, চালককে জিজ্ঞেস করলেই জানা যাবে এ ষড়যন্ত্রের মূলে কি রয়েছে। একইদিন জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হক বলেছেন, চালক এটা একা করেনি। তার পেছনে কেউ কলকাঠি নেড়েছে। দুদকের তলবে বুধবার দুপুরে তারা হাজির হলে তাদের আলাদাভাবে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কমিশনের কর্মকর্তারা। এর আগে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই ঘটনায় আমি নির্দোষ। আশাকরি আমি আবার রেলের দায়িত্বে ফিরবো।” তিনি জানান, ওই দিনের ঘটনা, অর্থ, রেলের স¤প্রতি নিয়োগ ও নিজের সম্পদের বিষয়ে দুদক কর্মকর্তারা তাকে প্রশ্ন করেছেন। সাময়িক বরখাস্ত কোনো শাস্তি নয় বলেও দাবি করেন রেলের এই কর্মকর্তা। বিকাল পৌনে ৪টার দিকে বেরিয়ে এসে চাকরিচ্যূত ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “দাদাকে (সুরঞ্জিত সেনগুপ্ত) হেয় করার জন্য পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, এটা একটা ষড়যন্ত্র। দাদা কখানো দুর্নীতি করতে পারে না।” কে-কারা এ ষড়যন্ত্র করেছে এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, “গাড়ির চালককে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য জানা যাবে।” তবে গাড়ির চালক কোথায় আছে তা তিনি জানেন না বলে জানান। এ সময় তিনি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের নাম উল্লেখ করে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। ওই ঘটনার সঙ্গে সঙ্গে কীভাবে তারা ঘটনাস্থলে এলো এবং খবর প্রচার করল এতেই প্রমাণ হয় এটি একটা ষড়যন্ত্র।” ওই ঘটনার পরদিন এটিএন নিউজে প্রচারিত ফুটেজে দেখা যায়, ফারুক ওই প্রতিষ্ঠানের সাংবাদিকের কাছে ঘটনার বিবরণ দিচ্ছেন। উদ্ধার হওয়া ওই অর্থ নিজের দাবি করে ফারুক সাংবাদিকদের বলেন, “এটা আমার নিজের টাকা। ওই টাকা কোথায় আছে সেটা আপনারই জানেন।” জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হক সাংবাদিকদের বলেন, “গতকাল রেলভবনে যে বক্তব্য দিয়েছি এখানেও আমার একই বক্তব্য। অবশ্যই এটা সাজানো নাটক। ড্রাইভার এটা একা করেনি। পেছনে কেউ কলকাঠি নেড়েছে।” গাড়ি কোথায় যাচ্ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ধানমণ্ডি ৩ নম্বর সড়ক দিয়ে পিলখানার সামনে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু কোখায় তা জানতে পারিনি, কেননা বিগবসকে সেটা জিজ্ঞাসা করা বেয়াদবি হবে। কিছুক্ষণ পরে হঠাৎ ড্রাইভার বিজিবি’র দপ্তরে গাড়ি ঢুকিয়ে দেয়।” গাড়িতে টাকা থাকার বিষয়টি জানতেন না জানিয়ে এনামুল বলেন, “আমি পরে শুনেছি সেখানে ৭০ লাখ টাকা ছিল। ড্রাইভার ওই সময় বলেছে এটা ঘুষের টাকা।” গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিলো। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ এবং কমান্ডেন্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। ঘটনার জের ধরে ইউসুফ ও এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্তও। ওই ঘটনার তদন্তে রেলের মহাপরিচালক আবু তাহেরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি কাজ করছে। মৃধা ও এনামুলের বিরুদ্ধে বিভাগীর মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএম/আরএ/এএল/২১১৫ ঘ.