২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৭১-এ গণহত্যায় রাজাকার-শান্তি কমিটির ভূমিকা বেশি’

একাত্তরে গণহত্যায় ‘শান্তি কমিটি’ ও ‘রাজাকার বাহিনীর’ ভূমিকা পাকিস্তানি সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি উল্লেখ করেছেন দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে গণহত্যায় ‘শান্তি কমিটি’ ও ‘রাজাকার বাহিনীর’ ভূমিকা পাকিস্তানি সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি উল্লেখ করেছেন দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন। তিনি বলেছেন, “পাকিস্তানি সেনাবাহিনী যেখানে গিয়েছে, সেখানেই বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু শান্তি কমিটি ও রাজাকার বাহিনী সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করে অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে খুন করেছে।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মোহাম্মদ হেলালউদ্দিন মঙ্গলবার তার সাক্ষ্যে এ কথা বলেন। “১৯৭১ সালের মে মাসে জামায়াতে ইসলামী পূর্ব পকিস্তান শাখার নেতা এ কে এম ইউসুফের নেতৃত্বে প্রথম রাজাকার বাহিনী গঠন করা হয়।” “খুলনা আনসার ক্যাম্পে নবগঠিত এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল ৯৬ জন।” ’৭১-এর ৪ এপ্রিল পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মহসিনউদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট এ টি সাদি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, “বৈঠকে তারা টিক্কা খানকে পাকিস্তান রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এ লক্ষ্যে শান্তি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।” শান্তি কমিটি গঠনের পর ১৬ এপ্রিল নূরুল আমিনের নেতৃত্বে গোলাম আযম এবং অন্য সদস্যরা গভর্নর হাউসে টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন- এ কথা উল্লেখ করে হেলালউদ্দিন বলেন, “বৈঠকে গোলাম আযম বলেন, ‘পাকিস্তানের অখণ্ডতার স্বার্থে জামায়াতে ইসলাম পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে রয়েছে’।” “এরপর মে মাসে ‘রাজাকার বাহিনী’ গঠন এবং অগাস্ট মাসে সরকারি অধ্যাদেশ নং ৩৫৪০ ‘ইস্ট পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স ১৯৭১’ জারির মাধ্যমে এই রাজাকার বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়,” যোগ করেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘রাজাকার বাহিনীর’ নামকরণ করেছিলেন মাওলানা এ কে এম ইউসুফ। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ইসলামী ছাত্রসংঘের নেতারা। “রাজাকার বাহিনীর সদস্য রিক্রুট করা হতো শান্তি কমিটির মাধ্যমে এবং এই বাহিনীর বেশিরভাগ সদস্যই ছিল মাদ্রাসার মোহাদ্দেস (হাদিস ব্যাখাকারী) মোদাস্সের (কোরআন ব্যাখ্যাকারী) এবং ছাত্র,” যোগ করেন দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসডব্লিউ/পিডি/২৩৫২ ঘ.