২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম দাস হত্যা মামলা: শুনানি আবারো পেছালো

এক আসামি হাজির না থাকায় সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক আসামি হাজির না থাকায় সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি আবারো পিছিয়েছে। মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ২৬ এপ্রিল। মামলার অন্যতম আসামি জামিনে থাকা আসিফ ইমরানের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। আসিফ বর্তমানে ফরিদপুরের একটি ডাকাতি মামলায় কারাগারে রয়েছেন। ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তিতর্কের শুনানিসহ যে কোনো শুনানি আসামির শোনার অধিকার রয়েছে। সে কারণে বিচারক আগাম ২৬ এপ্রিল আসামিকে এ আদালতে হাজির করে শুনানি গ্রহণের জন্য দিন রাখেন। এর আগেও আসামিপক্ষের বার বার সময় চেয়ে আবেদনের কারলে আলোচিত এ হত্যা মামলার শুনানি পিছিয়ে যায়। দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার চললেও দৈনিক সমকালের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার সুরাহা হয়নি সাড়ে ছয় বছরেও। আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া জানান, এ মামলায় ২১টিরও বেশি তারিখ পড়েছে শুধু যুক্তিতর্কের শুনানির জন্য। অথচ যুক্তিতর্কের শুনানির পর্যায়ে এসেও বার বার বিভিন্ন অজুহাতে হাইকোর্টে যাচ্ছেন আসামিপক্ষ। আর সে কারণে পিছিয়ে যাচ্ছে বিচার। ২০০৫ সালেল ১৭ নভেম্বর দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে পত্রিকার ফরিদপুর কার্যালয়ে খুন করে সন্ত্রাসীরা। ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে গৌতম খুন হন বলে মামলায় অভিযোগ করা হয়। এ মামলায় ২০০৬ সালের ১৯ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ১ অগাস্ট ফরিদপুরের আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকার এ আদালতে স্থানান্তর করা হয়। ২০০৭ সনের ১৩ নভেম্বর আসামিপক্ষ এ মামলাটির বিচার হাইকোর্ট থেকে স্থগিত আদেশ পেলেও পরে তা প্রত্যাহার করা হয়। মামলার গুরুত্বপূর্ণ আসামি আসিফ ইমরান আত্মসমর্পণের পর তার জামিন নাকচ হওয়ায় ২০১০ সালের ২১ এপ্রিল আদালত থেকে পালিয়ে যান। ওই বছরের ২৬ অগাস্ট র‌্যাবের হাতে ধরা পড়েন আবার। এরপর আবার জামিন পান তিনি। মামলার ১০ আসামি আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া, আবু তাহের মতুর্জা ওরফে অ্যাপোলো জামিনে রয়েছেন। দ্রুত বিচার ট্রাইবুনালে মামলার বিচার কাজের জন্য ১৩৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া থাকলেও স¤প্রতি হাইকোর্টের একটি সিদ্ধান্তে এ সময় বাড়িয়ে নেওয়ার বিধান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/ডিডি/২৩০০ ঘ.