খাগড়াছড়ি এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাংগা সীমান্তে বাংলাদেশ-ভারতের উচ্চ পর্যায়ের যৌথ সীমানা জরিপ এবং পিলার পর্যবেক্ষণ শেষ হয়েছে বুধবার।
সোমবার দুই দেশের যৌথ জরিপ দল খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলা এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার অমরপুর সীমান্তে জরিপ শুরু করে।
জরিপে বাংলােেদশর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে ছয় সদস্য এবং ভারতের ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এন আর বিশওয়ালের নেতৃত্বে পাঁচ সদস্য অংশ নেন।
রামগড় সীমান্তে ভারতীয় দলকে স্বাগত জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস এবং ১৬ বিজিবি’র অপস অফিসার মেজর আজাদ।
বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আব্দুল মান্নান বলেন, অমপুর সীমান্তের ২২৪৫ নম্বর থেকে ২২৪৭/২৫ নম্বর সাব পিলার পর্যন্ত এলাকায় ১৪টি নবনির্মিত সীমান্ত পিলার যৌথভাবে পর্যবেক্ষণ করে সঠিক পাওয়া গেছে। বাংলাদেশ অংশেও কোনো সমস্যা পাওয়া যায়নি।
তবে উভয় দেশের সীমান্তে কয়েকটি অবলুপ্ত পিলারের স্থান চিহ্নিত করা হয়েছে। এগুলো পরবর্তীতে নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, বৃহষ্পতিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে দুদেশের প্রতিনিধিদল মাঠ পর্যায়ে সীমান্ত জরিপ এবং পিলার পর্যবেক্ষণের বিষয় নিয়ে যৌথ সভা হবে। শুক্রবার ভারতীয় দল ফিরে যাওয়ার কথা রয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24