২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সাংবাদিক নির্যাতনকারী পুলিশের শাস্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টা সময় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টা সময় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেন সমিতির নেতারা। এত অংশ নেন বিভিন্ন বিভাগের অধ্যাপকরাও। গত ১ বৈশাখ (১৪ এপ্রিল) রাতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে মারধরের শিকার হন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মাসুম বিল্লাাহ ও কালের কণ্ঠের প্রদায়ক পিন্টু রঞ্জন। মাসুম জানান, নববর্ষের দিনব্যাপী অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না- এ তথ্য জানতে চাইলে কয়েকজন পুলিশ সদস্য অকারণেই তাদের ওপর চড়াও হন। মানববন্ধনে সমিতির সভাপতি হাসান নিটোল বলেন, ঘটনার দিনই রাতে পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণ পদ রায় দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উদ্দেশ করে সমিতির সভাপতি বলেন, “আপনি ও আপনার মন্ত্রণালয় এ সাংবাদিক নির্যাতনকারী পুলিশ কনস্টেবলদের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে বলেন, “ঘটনার সঙ্গে চার কনস্টেবলকে বরখাস্ত করতে হবে। পাশাপাশি বিভাগীয় শাস্তি দিতে হবে।” ”লচ্চিত্র ও টেলিভিশন অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলেন, “সাংবাদিক নির্যাতনের ঘটনাটি খুবই উদ্বেগজনক। আমরা হতবাক হয়ে যাই যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিক নির্যাতিত হওয়ার পরও কোনো বিচার পায় না।” মানববন্ধনে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর, কলা অনুষদের ডিন ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আকতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/১৮০৭ ঘ.