পিরোজপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও প্রতারণার অভিযোগের মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার এই ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলাটি করেন এক কিশোরী।
সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন মামলার বরাত দিয়ে জানান, ছাত্রদল নেতা ও হোটেল ব্যবসায়ী মারুফ শহরের শিকারপুর এলাকার এক কিশোরীকে (১৬) দুই বছর আগে গ্রামের এক ইমামের মাধ্যমে বিয়ে করেন। এরপর তারা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থেকেছেন। একবার মারুফ জোর করে মেয়েটির গর্ভপাত ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এখন মারুফ বিয়ের ব্যাপারটি অস্বীকার করলে কিশোরী বিষয়টি নিয়ে প্রথমে জেলা প্রশাসক অনল চন্দ্র দাশ ও পরে পুলিশ সুপার এস এম আকতারুজ্জামানের কাছে যায়।
ওসি জানান, এ অভিযোগের ভিত্তিতে রোববার রাতে মারুফকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। শহরের কেন্দ্রস্থলের জিপি-মার্কেট ও তার উপরের বিলাস আবাসিক হোটেল মারুফদের পারিবারিক ব্যবসা।
দুপুরে মারুফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত প্রাঙ্গণে মারুফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, মেয়েটির স্বভাব-চরিত্র ভাল নয়।
ওই কিশোরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারুফ বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে এ তথ্যটি তার জানা ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24