২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার কথা শুনেছি, দেখিনি: এনামুল

মন্ত্রীর এপিএসের অর্থ কেলেঙ্কারির বিষয়ে গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য দিতে এসে সাংবাদিকদের কাছে ৯ এপ্রিল রাতের ঘটনার ‘বিবরণ’ দিয়েছেন রেল পুলিশের বরখাস্ত কমান্ডেন্ট এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেলেঙ্কারির মুখে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে বসে টাকার কথা শুনলেও তা দেখেননি বলে দাবি করেছেন ওই ঘটনায় বরখাস্ত হওয়া ঢাকা রেল পুলিশের কমান্ডেন্ট এনামুল হক। মঙ্গলবার রেলভবনে তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য জমা দেওয়ার পর তিনি ৯ এপ্রিল রাতের ঘটনার বিবরণ দেন সাংবাদিকদের কাছে। এনামুল বলেন “ওমর ফারুকের গাড়িতে বসে টাকার কথা শুনেছি, তবে টাকা দেখিনি।” ওই রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিতের এপিএস ও এক সময়ের ছাত্রলীগ নেতা ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হলে ব্যাপক শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, সেদিন ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা এবং জিআরপির ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও ছিলেন ওই গাড়িতে। তবে ঘটনার পর থেকে গাড়ির চালক আলী আজমের কোনো হদিস পায়নি কেউ। এ ঘটনায় ইউসুফ ও এনামুলকে বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ফারুকও। সমালোচনার মুখে সোমবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন রেলমন্ত্রী সুরঞ্জিত। সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে এনামুল সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ফোন করে তাকে তার শাহজাহানপুরের বাসায় যেতে বলেন। সেখান থেকে ইউসুফ আলীর গাড়িতে করে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত আসেন তারা। এরপর সেই গাড়ি থেকে নেমে ওমর ফারুকের গাড়িতে ওঠেন দুজন। এনামুল বসেন সামনে, চালক আলী আজমের পাশে। আর জিএম বসেন পেছনে, ফারুকের সঙ্গে। ওমর ফারুকের গাড়ির গন্তব্য জানতে চাইলে এনামুল বলেন, “গাড়ি কোন দিকে যাচ্ছিল তা জানি না। তবে এর আগেও জিএমের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে গিয়েছি।” তার দাবি, ওই গাড়িতে ওঠার পর তিনি টাকার বিষয়টি শোনেন। “টাকা আমি দেখিনি। চালক আজম হঠাৎ করে বিজিবি গেটের ভেতর গাড়ি ঢুকিয়ে দেয়। অনেক দূর যাওয়ার পর চালক আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। গাড়ি থেকে না নামায় সে নিজেই বের হয়ে চিৎকার করে বলতে থাকে যে গাড়িতে টাকা আছে।” এ সময় কয়েকজন বিজিবি সদস্য বিষয়টি খতিয়ে দেখতে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে জানান এনামুল। “বিজিবি সদস্যরা আমাদের সবাইকে একটি কক্ষে নিয়ে যায়। পরদিন সকাল ৯টায় পিলখানা থেকে আমরা বেরিয়ে যাই।” সে সময় গড়ির চালক আলী আজম তাদের সঙ্গে ছিলেন না বলেও এনামুল উল্লেখ করেন। তার দাবি, অন্য এক চালক ফারুকের গাড়ি চালিয়ে তাদের নিয়ে পিলখানা থেকে নিয়ে যান। সুরঞ্জিত সেনগুপ্ত তাদের ছাড়িয়ে নিতে সুপারিশ করেছিলেন কি না জানতে চাইলে এনামুল বলেন “আপনাদের কাছেই এটা প্রথম শুনলাম।” জিআরপি ঢাকার এই কমান্ডেন্ট দাবি করেন, ঢাকায় তার কোনো সহায়-সম্পত্তি বা গাড়ি-বাড়ি নেই। কোনো ব্যাংক হিসাবও তার নেই। “মানুষ হিসাবে মান-সম্মান নিয়ে থাকতে চাই। আমার কোনো বাড়ি-গাড়ি বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাদের দিয়ে দেব”, বলেন তিনি। চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পর তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে বলে এনামুল জানান। চালক ও ফারুককে নোটিস ৯ এপ্রিলের ঘটনার বিষয়ে সাবেক মন্ত্রীর এপিএস ওমর ফারুক এবং তার গাড়ির চালক আলী আজমকে বক্তব্য দেওয়ার জন্য নোটিস দেবে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “এনামুল এসেছিল, তার লিখিত বক্তব্য জমা দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছু বলা যাবে না।” চালক আজমের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানেন না উল্লেখ করে মহাপরিচালক বলেন “তদন্ত কমিটির কাছে হাজির হতে তাকে নোটিস দেওয়া হবে।” তিনি জানান, ওই রাতে কী হয়েছিল তা জানার জন্য তদন্ত কমিটি পিলখানায় বিজিবি কার্যালয়েও যাবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৬৪০ ঘ.