ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
এ বিষয়ে শুনানিতে গত ১১ এপ্রিল ডেসটিনির আবেদনটিকে ‘প্রি ম্যাচিউরড’ অভিহিত করে আদালত বলেন, বিষয়টি এখনো মামলা করার পর্যায় আসেনি।
শুনানিতে ডেসটিনির পক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য রাখেন।
আদেশের পর আদালতের সহাকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “আবেদনটি প্রি-ম্যাচিউরড বলে আদালত খারিজ করে দিয়েছে।”
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন গত ৮ এপ্রিল হাইকোর্টে এই রিট আবেদন করেন।
ডেসটিনিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয় ওই আবেদনে। এতে বিবাদী করা হয় অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।
ডেসটিনির আইনজীবী মিজান সাঈদ এই রিট আবেদন করার দিন সাংবাদিকদের বলেন, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৫১ ধারা অনুসারে ওই পরিদর্শন প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু এই আইনের তিন ধারায় বলা আছে, সমবায় সমিতি ক্ষেত্রে এই আইনের ৪৪ ধারা ব্যতীত অন্য ধারাগুলো প্রযোজ্য হবে না।
“আর ৪৪ ধারা অনুসারে পরিদর্শন প্রতিবেদন দিতে হলে আমাদের অনুলিপি দিতে হবে। শুনানি করতে হবে। এসব প্রক্রিয়া অবলম্বন না করেই ১১ মার্চ বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি দিয়ে দেয়,” বলেন তিনি।
বিভিন্ন সংবাদপত্রে ডেসটিনি গ্রুপের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে খবর প্রকাশের প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, প্রতারণা বন্ধে এমএলএম কোম্পানি যুবকের মতো ডেসটিনির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
এ রকম প্রতিষ্ঠান যাতে তাদের সম্পদ স্থানান্তর করতে না পারে সেজন্য যুবকের মতো একটি কমিশন করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১৫৫ ঘ.
bdnews24