গাজীপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দু’দিন পর সোমবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে মাটিচাপা দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর পৌরসভার উত্তর সালনার প্রয়াত চাঁন মিয়ার ছেলে নূরুল ইসলাম (৫৫) শনিবার নিখোঁজ হন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, বিকালে ভাওয়াল জাতীয় উদ্যানে এলাকাবাসী একটি গর্তে মাটি চাপা দেওয়া লাশের কিছু অংশ দেখে পুলিশে খবর দেয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজ হওয়ার পর তার ছেলে মোহসীন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24