২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

অপহরণের পর হত্যায় জড়িত সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের এক ভবন থেকে রুবেল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর হত্যায় জড়িত সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের এক ভবন থেকে রুবেল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল সাংবাদিক সুপন রায়ের প্রতিষ্ঠানের একজন শিক্ষনাবিশ ক্যামেরাম্যান। তাকে সুপনের অফিস থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে সোমবার আদালতে পাঠিয়ে তিন দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৯৯০-এর দশকের শেষ দিকে বেসরকারি একুশে টেলিভিশনে সাংবাদিকতার মাধ্যমে পরিচিতি পাওয়া সুপন রায়ের সর্বশেষ কর্মস্থল ছিল যমুনা টেলিভিশন। স¤প্রচারে যেতে না পারা ওই টেলিভিশন ছেড়ে আসা সুপন বর্তমানে স্যার সৈয়দ রোডে নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের সুপন রায়ের অফিস থেকে বের হওয়ার পর মেহেরুন ইসলাম সোহান নামে এক যুবক নিখোঁজ হন। পরে ৬ ফেব্রুয়ারি অজ্ঞাত হিসাবে তার মৃতদেহ মানিকগঞ্জের সিংগাইরে পাওয়া যায়।” সোহান ‘নিখোঁজ’ হওয়ার পর তার স্বজন গত ৯ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত হিসাবে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে তার দাফন হয়। পরে তার আত্মীয়-স্বজন গত ১২ ফেব্রুয়ারি এসে লাশ সনাক্ত করেন এবং আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর নিয়ে যান। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে রোববার রাতে। এ ব্যাপারে সুপন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহানের কাছ থেকে পঞ্চগড়ে তার জমি কেনার কথা। এ জন্য সুপন তার স্যার সৈয়দ রোডের বাসায় সোহানকে তার নিখোঁজ হওয়ার দিন আট লাখ টাকা দেন বলে জানান সুপন। “টাকা নিয়ে বের হয়ে যাওয়ার পর সোহানের আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে পারি সোহান নিখোঁজ হয়েছে।” “তার নিখোঁজ হওয়া সংক্রান্ত বিষয় তাৎক্ষণিক সহায়তার জন্য আমি পুলিশের সহায়তা চেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি,” যোগ করেন সুপন। হত্যাকা-ে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই হত্যাকাণ্ডে সুপন রায়ের সম্পৃক্ততার অভিযোগ এনে তার বিচার দাবিতে সোহানের আত্মীয়স্বজন গত মাসে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এলএইচ/পিডি/২০৫১ ঘ.