সিলেট, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চালন লাইনে ক্রুটির কারণে নয়ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট নগরীর প্রায় ৩০ হাজার গ্রাহক।
বাগবাড়ি এলাকায় মাটির নিচে ৩৩ হাজার কেভি লাইন পুড়ে গেলে সোমবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর আওতাধীন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এ টি এম জহিরুল ইসলাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সঞ্চালন লাইনে ক্রটি দেখা দিলে আখালিয়া, সুবিদবাজার, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, বড়বাজার, গোয়াইপাড়া, পশ্চিম জিন্দাবাজার, উত্তর কাজিটুলা, শাহী ঈদগাহ, শেখঘাট, ঘাসিটুলা, কানিশাইলসহ আশপাশ এলাকার প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
তিনি জানান, বিকাল ৩টায় মেরামত সম্পন্ন হলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কয়েকটি এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।
নগরীর উত্তর কাজিটুলার বাসিন্দা তয়মুর রাজা চৌধুরী জানান, বিদ্যুৎ না থাকায় সকাল থেকে সিটি করপোরেশনের পানি সরবরাহও বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৬ ঘ.
bdnews24