চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়েতে স¤প্রতি স্থগিত হওয়া নিয়োগ প্রক্রিয়া বাতিলের অভিন্ন দাবিতে চট্টগ্রামে পৃথক মিছিল-সমাবেশ করেছে সরকারি ও বিরোধীদল সমর্থক শ্রমিক সংগঠন।
সোমবার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ ঘোষণার আগে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে রেলওয়ে শ্রমিক লীগ এবং জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী পরিষদ পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
একে অপরের বিরোধী শ্রমিক সংগঠন হলেও একই দাবি নিয়ে কিছু সময়ের ব্যবধানে একইস্থানে মিছিল ও সমাবেশ করে তারা। সংগঠন দুটি রেলকে সচল এবং এতে সব ধরনের দুর্নীতি-অনিয়ম বন্ধেরও দাবি জানায়।
অর্থ কেলেঙ্কারিতে ‘জড়িত’ রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে রোববার সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত করা হয় রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারকে।
পাশাপাশি রেলওয়ের চলমান নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ জরুরিভাবে তদন্ত করা হবে বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত; যিনি একদিন বাদেই সোমবার মন্ত্রীত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন।
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম আর মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলকে সচল রাখতে নিয়োগ প্রক্রিয়া শুরু এবং দুর্নীতি বন্ধের দাবিতে মিছিল-সমাবেশ করা হয়।
রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শেখ লোকমান হোসেন বলেন, “নিয়োগ প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আমরা সমাবেশ ও মিছিল করেছি।”
গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও তার কম্যান্ড্যান্ট এনামুল হকও সে সময় ওই গাড়িতে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯৩৩ ঘ.
bdnews24