২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় ছিটমহলবাসী: আবু হাফিজ

ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

কুড়িগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ। সোমবার কুড়িগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা আছে এবারই তাদের তালিকাভুক্ত করা হবে এবং ধারাবাহিকভাবে হালনাগাদ করার কাজ চলতে থাকবে।” এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান। সকালে কুড়িগ্রামে নির্বাচন কার্যালয়ের জেলা সার্ভার স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন হাফিজ। সার্ভার স্টেশন স্থাপনের মাধ্যমে ভোটারদের পরিচয়পত্র সংগ্রহসহ নির্বাচন সংক্রান্ত সব তথ্য জেলা পর্যায় থেকে সরবরাহ করা সম্ভব বলে তিনি জানান। গণপূর্ত বিভাগের প্রকৌশলী আতিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের প্রকল্পের আওতায় গণপূর্ত বিভাগের মাধ্যমে কুড়িগ্রামে তিনতলা বিশিষ্ট জেলা সার্ভার স্টেশন নির্মাণ করা হচ্ছে। এক বছরের মধ্যে কাজ শেষ হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪০ ঘ.