ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেওয়া আদালতের আদেশ পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে ইসি।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে সোমবার হাইকোর্ট ডিসিসি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
২৪ মে ভোটগ্রহণের দিন রেখে ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণের মধ্যেই আদালতের এই সিদ্ধান্ত এল।
ইসি কর্মকর্তারা জানান, আদালতের আদেশের আগে ডিসিসি’র দুই ভাগে মেয়র পদে ২৪টি এবং কাউন্সিলর পদে ১৩ শতাধিক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে আদেশের পর বিক্রি স্থগিত করা হয়েছে।
আদালতের আদেশের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আদালত যেমন রায় দিয়ে দায়িত্ব পালন করেছেন, তেমনি তা অনুসরণ করার দায়িত্বও নির্বাচন কমিশনের।”
আদালতের আদেশের অনুলিপির জন্য অপেক্ষার কথা জানিয়ে তিনি বলেন, তা পাওয়ার পর করণীয নির্ধারণে আইন কর্মকর্তাসহ নির্বাচন কমিশন বৈঠক করবে।
ইসি সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, “আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মেয়াদোত্তীর্ণ ডিসিসি নির্বাচনের উদ্যোগ বিগত নির্বাচন কমিশন নিলেও তাতে সফল হয়নি। বিদায়বেলায় তা নিয়ে হতাশাও প্রকাশ করেন আগের সিইসি এ টি এম শামসুল হুদা।
বর্তমান নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের তফসিল পর্যন্ত এগোলেও এখন তা আটকে গেল।
নতুন ইসি হিসেবে প্রথম নির্বাচনের তফসিল দিয়ে তা করতে না পারায় হতাশ কিনা- জানতে চাইলে কাজী রকিব বলেন, “এতে হতাশ বা খুশির কিছুই নেই। এটা দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে হবে।”
ডিসিসি ভেঙে নতুন দুই সিটি কর্পোরেশন করার ক্ষেত্রে ওয়ার্ডের সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বাস্তবায়ন হয়নি অভিযোগ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নির্বাচনী কাজ আপাতত বন্ধ রাখার জন্য হাই কোর্টে আবেদন করে। ওই আবেদনেই আদালতের স্থগিতাদেশ আসে।
সীমানা নির্ধারণের বিষয়ে সিইসি বলেন, “সীমানা নির্ধারণের বিষয়ে আইনে বলা আছে। আমাদের আইন অনুসরণ করতে হবে।”
“আদালতের নির্দেশনা মেনেই কাজ করতে হবে আমাদের,” সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারকও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/আরএ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24