২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে কৃষি ইন্সটিটিউট প্রতিষ্ঠার প্রতিবাদ কৃষকদের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফলিত পুষ্টি কৃষি ইন্সটিটিউটের নামে দুইশ’ একর কৃষি জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে রোববার কয়েকশ’ কৃষক পরিবার মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

মজিবুল হক পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নারায়ণগঞ্জ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফলিত পুষ্টি কৃষি ইন্সটিটিউটের নামে দুইশ’ একর কৃষি জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে রোববার কয়েকশ’ কৃষক পরিবার মানববন্ধন করেছে। দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বিশনন্দী, চৈতন্যকান্দা ও কটিয়াদী (উলুকান্দা) গ্রামের এসব কৃষক পরিবার মেঘনার পশ্চিম তীরে মানিকপুর ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন করে। এ সময় তাদের হাতে ছিল লাঙ্গল, জোয়াল, কাঁচি ও পাতলা (মাথার টুপি)। কৃষকরা ‘জান দেব তবু জমি দেব না’, ‘ভূমি দস্যুদের কবল থেকে গরীব কৃষকদের রক্ষা কর’, ‘কৃষি জমি বাঁচাও’ এসব স্লোগান দেয়। কৃষি মন্ত্রণালয় দেশের প্রথম ফলিত এই পুষ্টি কৃষি ইন্সটিটিউট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া কৃষক হাজী আব্দুল কুদ্দুস, হাজী আব্দুল মালেক, আলী হোসেন, লিটু মিয়া সাংবাদিকদের জানান, প্রকল্পের জন্য ভূমি হুকুম দখলের কাজ শুরু হয়েছে। জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা এসব কৃষি জমির মালিকদের অধিগ্রহণের নোটিশ পাঠিয়েছেন। এদিকে পৈতৃক জমি সরকারি হুকুম দখলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ইতোমধ্যে কৃষি, গণপূর্ত, ভূমি মন্ত্রণালয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে তিনটি গ্রামের ৩০৭ জন জমি মালিকের স্বাক্ষরসহ আবেদন করা হয়েছে বলে জানান মেঘনা পাড়ের কৃষকরা। এসব জমির মালিকদের অনেকেরই পূর্ব পুরুষের জমি নদী ভাঙ্গনে মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান তারা। কৃষকরা জানান, মানিকপুরের ফেরিঘাটের পশ্চিম-দক্ষিণ প্রান্তে মেঘনার তীরে বিস্তীর্ণ জমিতে বছরে তিনবার ফলন হয়। এ জমিতে ধান ছাড়াও বাদাম, আলু, ডাল, শাকসবজির ব্যাপক ফলন হয়। এসব জমি অধিগ্রহণ করলে হাজার হাজার মানুষ আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন তারা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ প্রকল্পের বেশিরভাগ জমি সরকারি খাস ও মেঘনার তীর ভূমি। সরকারি খাস ও নদীর তীরের ভূমিতে চাষাবাদ করে এ ধরনের কিছু লোক তাদের স্বার্থে এই প্রকল্পের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তাতে ইন্ধন দিচ্ছে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল। “প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হচ্ছে খুবই কম পরিমাণ। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে,” বলেন তিনি। নজরুল ইসলাম বাবু আরো জানান, কৃষি মন্ত্রণালয় আড়াইহাজারে দেশের প্রথম ফলিত পুষ্টি কৃষি ইন্সটিটিউট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রায় সাড়ে চারশ’ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পর এটিই হবে কৃষি নিয়ে উচ্চ শিক্ষার দ্বিতীয় প্রতিষ্ঠান। এ ব্যাপারে আড়াইহাজারের ইউএনও সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তি মালিকানাধীন যেসব জমি প্রকল্পের এলাকায় পড়েছে তা অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪৪ ঘ.