ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজের আদেশ পুনর্বিবেচনায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনের শুনানি শুরু হয়েছে।
রোববার বিএনপি নেতার পক্ষে তার আইনজীবী ফখরুল ইসলাম আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবারও এই আবেদনের শুনানি হবে।
হাই কোর্ট বিভাগে ১৫ বিচারপতির শপথ অনুষ্ঠানের কারণে রোববার ট্রাইব্যুনালে শুনানি দেরিতে শুরু হয়।
শুনানিতে ফখরুল ইসলাম ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধন এবং এর ভুতাপেক্ষ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
১৯৭৩ সালের আইনের আওতায় সুনির্দিষ্ট কোনো বাহিনী ছাড়া অন্য কারো বিচারের কথা না থাকলেও ২০০৯ সালের সংশোধিত আইনে ব্যক্তিগত অথবা গোষ্ঠীবদ্ধ অপরাধীদেরও বিচারের আওতায় আনা হয়।
দুটি ক্ষেত্রে আইনে ভুতাপেক্ষ কার্যকারিতার কথা উল্লেখ থাকলেও সালাউদ্দিন কাদেরের আইনজীবীর দাবি, সংসদ ব্যক্তির অপরাধের বিষয়টি সংযোজন করলেও এ ক্ষেত্রে ভুতাপেক্ষ কার্যকারিতা দেয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের নয়টি আবেদনের মধ্যে বৃহস্পতিবার একটি বাতিল ও পাঁচটি খারিজ করে ট্রাইব্যুনাল।
ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতনসহ ২৩টি অপরাধে গত ৪ এপ্রিল সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
চট্টগ্রামের এই সংসদ সদস্যের বিরুদ্ধেএকাত্তরে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংকে হত্যার অভিযোগ রয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছরের ৪ অক্টোবর সংসদ সদস্য সাকা চৌধুরী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।
২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য ওই বছরের ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা।
এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার এক মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24