ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় প্রত্যাহার হওয়া কালীগঞ্জ থানার ওসিকে তলব করেছে হাই কোর্ট।
ওসির সঙ্গে তলব করা হয়েছে সাতক্ষীরার পুলিশ সুপারকেও। দুজনকে আগামী ২৩ এপ্রিল আদালতে হাজির হতে হবে।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে রোববার এই আদেশ দেয়।
কালীগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে ব্যর্থতার জন্য তাদের কেন বরখাস্ত করা হবে না, দুই পুলিশ কর্মকর্তাকে তার জবাব দিতে হবে।
আদালত একইসঙ্গে মানুষের বিশেষ করে সংখ্যালঘুদের সম্পদ রক্ষায় ব্যর্থতায় তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ নির্যাতন সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে এই আদেশ আসে।
স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ কালীগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয়ে একটি নাটক মঞ্চায়নের পর এতে হজরত মুহাম্মদকে অসম্মান করা হয়েছে অভিযোগ তুলে স্থানীয় একটি গোষ্ঠী ফতেপুর ও চাকদহা গ্রামে হিন্দুদের ১১টি বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫০০ ঘ.
bdnews24