ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারিতে ‘জড়িত’ রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; চাকরিচ্যুত হয়েছেন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার।
ইউসুফ মৃধার পাশাপাশি রেলের নিরাপত্তা কর্মকর্তা ঢাকার কমান্ডেন্ট এনামুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত রোববার সাংবাদিকদের জানিয়েছেন।
গত সোমবার রাতে পিলখানায় বিজিবির ফটকে সুরঞ্জিতের এপিএস ফারুকের যে গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়, সে গাড়িতে ইউসুফ মৃধা ও এনামুলও ছিলেন।
গাড়িতে টাকা পাওয়ার এই ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় চলছে। রেলমন্ত্রী সুরঞ্জিতও চাপে রয়েছেন, তার পদত্যাগের দাবিও উঠেছে।
রেলমন্ত্রী জানান, সাময়িক বরখাস্তের পাশাপাশি ইউসুফ মৃধা ও এনামুলের বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত হয়েছে।
পুরো ঘটনার তদন্তে দুর্নীতি দমন কমিশনকে সম্পৃক্ত করে তাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
এপিএস ওমর ফারুকের চাকরিচ্যুতির পাশাপাশি তার ব্যাংক হিসাব স্থগিত রাখতে কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ করা হবে বলে মন্ত্রী জানান।
ঘটনার পরদিন ফারুকের পক্ষ নিলেও এখন তাকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে সুরঞ্জিত বলেন, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
“তার ব্যাপারে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে সিআইডি ও দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে,” বলেন তিনি।
ওমর ফারুক, ইউসুফ মৃধা ও এনামুল হকের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে মন্ত্রী রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে সিদ্ধান্তগুলো জানান মন্ত্রী।
সুরঞ্জিত আরো জানান, রেলওয়ের চলমান নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ জরুরিভাবে তদন্ত করা হবে।
অভিযোগ রয়েছে, পূর্বরেলে নিয়োগে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নিয়েছেন ইউসুফ মৃধা। তার বিরুদ্ধে অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ছয় মাস আগেই জানানো হয় জানিয়ে রেলওয়ে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ বলেছে, বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অর্থ পাওয়ার ওই ঘটনা তদন্তে মন্ত্রণালয় ইতোমধ্যে দুটি কমিটি করেছে। রেলের মহাপরিচালক আবু তাহেরের নেতৃত্বে গঠিত কমিটিতে রোববার হাজিরও হন ইউসুফ মৃধা।
তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে সব অভিযোগই ভিত্তিহীন।
রেলমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারুজ্জামান নেতৃত্বাধীন তদন্ত কমিটি এপিএস ফারুকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে।
ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক বলে আসছিলেন, গাড়িতে পাওয়া অর্থ তার নিজের; যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএসটি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24