বান্দরবান, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ ও সাংগ্রাই উৎসবে মেতেছে বান্দরবানের বাঙালি ও পাহাড়িরা। পাঁচ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় চলছে এই বর্ণিল আয়োজন।
তবে সবকিছু ছাপিয়ে বরাবরের মতো মূল আকর্ষণ হয়ে উঠেছে মারমা সম্প্রদায়ের মৈত্রী পানি খেলা উৎসব।
এই খেলায় একপাশে তরুণ এবং তাদের মখোমুখি তরুণীরা দাঁড়িয়ে পরস্পরকে পানি দিয়ে ভিজিয়ে আনন্দ করে। সাধারণত অবিবাহিত তরুণ-তরুণী বিশেষ করে যাদের মধ্যে প্রেমের সম্পর্ক বা বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তারা এই খেলায় অংশ নেয়।
শনিবার বিকালে জেলা সদরের রেইছা মাঠে পানি খেলা শুরু হয়। তরূণ-তরুণীরা মুখোমুখি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাশে থাকা পাত্র পানি নিয়ে পরস্পরকে ছিটিয়ে আনন্দ করে।
উৎসব দেখার জন্য আদিবাসীরা ছাড়াও বিপুল সংখ্যক বাঙালি ভিড় জমায় সেখানে।
এদিকে বাংলা বর্ষবরণ কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, পান্তাভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে রাজবাড়ি মাঠে হয় বলী খেলা।
মারমা সম্প্রদায়ের পাঁচদিনের সাংগ্রাই উৎসবের শনিবার ছিল দ্বিতীয় দিন। রোববার ও সোমবার পুরাতন রাজাবড়ি মাঠে মৈত্রী পানি খেলা উৎসব ও খেলাধুলা হবে। সোমবার রাতে পিঠা তৈরি উৎসবও আছে। মঙ্গলবার এসব পিঠা বৌদ্ধদের ক্যায়াংয়ে ভিক্ষুু/ভান্তেদের দেওয়া হবে। দেওয়া হবে আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদেরও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.
bdnews24