গাজীপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সৎ ছেলের কোদালের কোপে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার ভোরে কাপাসিয়া উপজেলার নাকাসিনী গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত রাজিয়া খাতুন (৫৫) নাকাসিনী গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আজিজের অন্য স্ত্রীর ছেলে মোহাম্মদ হানিফা (৩৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এক খণ্ড জমি নিয়ে রাজিয়ার সঙ্গে তার সৎ ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানায়।
কাপাসিয়া থানার ওসি মো. জামাল উদ্দিন মীর সাংবাদিকদের বলেন, হানিফা ও তার সহযোগীরা শনিবার ভোরে বিরোধপূর্ণ ওই জমিতে মাটি কাটতে যায়। তখন রাজিয়া বাধা দিতে যায়।
ঝগড়ার এক পর্যায়ে হানিফা হাতের কোদাল দিয়ে সৎমার মাথা ও মুখমণ্ডলে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাজিয়া মারা যান বলে ওসি জানান।
রাজিয়ার ভাই নাসিরউদ্দিন বাদি হয়ে হানিফাসহ চার জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করেছেন। তবে শনিবার বিকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24