ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্কারা ইউনিভার্সিটিতে ভাষণে যে কোনো দেশের উন্নয়ন নিশ্চিত করতে জনগণকে সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তুরস্ক সফরের শেষ দিনে শুক্রবার আঙ্কারা ইউনিভার্সিটিতে ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক ভাষণ দেন শেখ হাসিনা। তার তিন দিনের সফরের দ্বিতীয় দিন তুরস্কের সঙ্গে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়।
প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ জনগণই দেশের উন্নতি ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ বিশেষ করে নারীর ক্ষমতায়ন শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে শক্তিশালী গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
শিক্ষা দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূরীকরণে ভূমিকা রেখে জনগণের ক্ষমতায়নে প্রধান চালিকাশক্তি হতে পারে, বলেন শেখ হাসিনা।
জ্ঞানার্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কেবল শিক্ষা ও জ্ঞান জনগণকে দারিদ্র্য ও ক্ষুধা বিমোচন, বৈষম্য দূরীকরণ, সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্তকরণ, মানবসম্পদ হিসাবে গড়ে তোলা এবং সন্ত্রাস নির্মূলে সহায়তা করতে পারে, যা সামাজিক অগ্রগতি, সমতা, ন্যায়বিচার ও শান্তির জন্য অপরিহার্য।”
শেখ হাসিনা আরো বলেন, শান্তির জন্য গণতন্ত্রের বিকল্প নেই, উন্নয়নেরও তা পূর্বশর্ত এবং শান্তি, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায়বিচার অনুশীলনের ওপর নির্ভরশীল।
আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪০টি বৃত্তিমূলক, ১১৪টি আন্ডার গ্র্যাজুয়েট এবং ১১০টি গ্র্যাজুয়েট কোর্সে প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।
ভাষণে সামাজিক সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, জনগণ এ সব কর্মসূচির সুফল পেতে শুরু করেছে এবং সারাবিশ্বে তা প্রশংসিত।
কসাভোকে স্বীকৃতি বিবেচনাধীন
ভাষণের পর এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কসাভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বাংলাদেশ সক্রিয়ভাবে বিবেচনা করছে।
“আমরা ইতোমধ্যেই এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং কসাভোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিগগিরই আপনারা সুখবর শুনতে পাবেন,” বলেন তিনি।
সার্বিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়া ও অন্য অনেকের আপত্তি উপেক্ষা করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ কসোভো ২০০৮ সালে স্বাধীনতার ঘোষণা দেয়।
কসভোকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে কোনো ধরনের গণহত্যার নিন্দা জানায়। এ ধরনের হত্যাকাণ্ড সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।
এই প্রসঙ্গে মুক্তিযুদ্ধে গণহত্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমরা ১৯৭১ সালে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছি। ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে দখলদার বাহিনী ব্যাপক আকারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লাখ লাখ নিরপরাধ লোককে হত্যা করেছে।”
“১৯৭১ সালের ঘটনা ছিল একটি অপরাধমূলক কর্মকাণ্ড এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘন,” বলেন প্রধানমন্ত্রী।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক
বাংলাদেশ ও তুরস্ক সরকার দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণে একটি অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং চট্টগ্রাম-ইস্তাম্বুল ফ্লাইট সার্ভিস চালুতে সম্মত হয়েছে।
আঙ্কারার শেরাটন হোটেলে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংস্থা তুসকনের নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির জন্য তুরস্কের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ তুরস্কে এখন কেবল তৈরি পোশাক ও পাটের সুতা রপ্তানি করে।
“অথচ আপনারা বাংলাদেশ থেকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, পাটের তৈরি পণ্য, হস্তশিল্প সামগ্রী, সাইকেল ও অন্যান্য পণ্য আমদানি করতে পারেন।”
ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রসারমানতা তুলে ধরে তা আমদানির জন্যও তুরস্কের ব্যবসায়ীদের উৎসাহ দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে চীন ও ভারতসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সব অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
“আপনাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। নিজের চোখেই দেখুন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত যতœসহকারে আপনাদের জন্য বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে,” বলেন তিনি।
দূতাবাসের নতুন ভবনের ভিত্তিস্থাপন
প্রধানমন্ত্রী স্বনির্ভর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়াসে অবদান রাখার জন্য তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আঙ্কারায় শুক্রবার বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যও উদ্বোধন করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩৫৯ ঘ.
bdnews24