কুড়িগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে অজ্ঞাত রোগে অসুস্থ ৫৩ প্রশিক্ষণার্থীর অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমটি রোগ নির্ণয় করতে পারেনি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তারা অসুস্থদের সবার কফ, লালা, সর্দি ও রক্ত সংগ্রহ করেছেন।
এসব নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আরো তিন দিন সময় লাগবে বলে জানানো হয়।
তবে রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত সবাইকে ওসেলটামিভির নামের এন্টিভাইরাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাপসুলটি খাওয়ানোর পর থেকে আক্রান্তদের অবস্থার অবনতি ঘটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিশেষজ্ঞ টিম প্রধান ডা. আশরাফুল আলম বলেন অজ্ঞাত ভাইরাসের এ রোগটি ছড়ানোর আর সম্ভাবনা নেই। সংগৃহীত নমুনা ঢাকায় পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হবে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম বলেন, “রোগ নির্ণয় না হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা না বাড়ায় এন্টিভাইরাল ক্যাপসুল কাজে লাগছে বলে আমরা মনে করছি।”
মঙ্গলবার রাত থেকে আকস্মিকভাবে জ্বর, মাথা ব্যাথা, কাশি, বমি, গলা ব্যাথা ও পেটের পীড়ায় আক্রান্ত হন প্রশিক্ষণার্থী সেবিকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24