ভোলা/নীলফামারী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা ও নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে সহস্রাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘরচাপা পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আমাদের ভোলা প্রতিনিধি জানিয়েছেন, সদরের ইলিশা, দৌলতখান উপজেলার মদনপুরা, মনপুরার কলাতলীর চর, লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নে শুক্রবার ভোরে কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ঘরচাপা পড়ে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
এছাড়া ভোলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ৩টি নৌকাডুবির ঘটনাও ঘটেছে।
ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভোর ৪টায় ঝড় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা তা স্থায়ী হয়। এ সময় ভোলা সদরের বাঘার হাওলা, উত্তর ইলিশা ও চর আনন্দ পার্ট থ্রি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অর্ধশতাধিক গাছপালা।
এর বাইরে মাঝের চর ও মদনপুরা ও কলাতলীর চরে ৬০টি এবং কচুয়াখালী ও আদর্শগ্রামে ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে ৩টি জেলে নৌকা তেঁতুলিয়ায় ডুবে গেছে বলেও জানান জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে জেলার পাঁচ উপজেলায় সহস্রাধিক পরিবারের বসতঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাত থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক এবিএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত স্থায়ী শিলা বৃষ্টি ও ঝড়ে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্নভাবে সহস্রাধিক বসতঘরসহ সদরের দক্ষিণ দোনদরী নিু মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিলার আঘাতে পাঁচ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্ল¬ী বিদ্যুৎ সমিতির লাইনের খুঁটি ভেঙে পড়ায় বৃহস্পতিবার রাত থেকে জেলায় সরবরাহ বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১৮ ঘ.
bdnews24