চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিন মেয়েকে বিষপান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক প্রবাসীর স্ত্রী। ওই নারী ও এক সন্তান বেঁচে গেলেও মৃত্যু হয়েছে দুই মেয়ের।
নিহতরা হলেন, দুই বছর বয়সী মাইশা এবং সাত মাসের আয়েশা।
তাদের মা শাহিদা আক্তার (২৪) এবং বড় বোন পাঁচ বছরের রাবেয়া বসরীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারাসাত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের সৌদি প্রবাসী এ কে খানের স্ত্রী শাহিদা মেয়েদের বিষ খাইয়ে নিজেও তা পান করেন।
ওসি জানান, বিকাল ৫টার দিকে চার জনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশা ও আয়েশাকে মৃত ঘোষণা করেন।
পরে শাহিদা ও তার বড় মেয়েকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
কী কারণে শাহিদা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা শাহজাহান।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা করেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১৫৬ ঘ.
bdnews24