২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্ধু’ সুরঞ্জিত, পদত্যাগ করুন: মওদুদ

“আমার বন্ধু সুরঞ্জিত বাবু আজ ধরা পড়ে গেছেন। তিনি যতই এড়াতে চান, এই ঘটনার মূল নায়ক মন্ত্রী নিজেই,” বলেছেন বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় নিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের টাকা পাওয়ার এই ঘটনাটি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “আমার বন্ধু সুরঞ্জিত বাবু আজ ধরা পড়ে গেছেন। তিনি যতই এড়াতে চান, এই ঘটনার মূল নায়ক মন্ত্রী নিজেই। উপায় নেই, এবার আপনি কোথায় যাবেন?” “বাংলাদেশ ছাড়া অন্য দেশ এমনকি প্রতিবেশী দেশে এমন ঘটনা ঘটলে মন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। অন্য দেশ হলে মন্ত্রী নিজেই পদত্যাগ করতেন,” বলেন তিনি। সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুককে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবর প্রকাশ হলে তা নিয়ে ব্যাপক শোরগোল চলছে। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল। এ নিয়ে সমালোচনার মধ্যেই বুধবার ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেন সুরঞ্জিত। রেলমন্ত্রী দাবি করেছেন, তিনি চক্রান্তের শিকার। অর্থ কেলেঙ্কারির এই ঘটনায় ব্যক্তিগতভাবে ‘দুঃখ’ প্রকাশ করে মওদুদ বলেন, “আমি তার কাছ থেকে এ রকমটি আশা করিনি।” অর্থ কেলেঙ্কারির এই ঘটনা খতিয়ে দেখতে রেল মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি করলেও তার কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেন মওদুদ। তিনি বলেন, “মন্ত্রণালয়ের কমিটি দিয়ে এই অর্থ কেলেঙ্কারি সুষ্ঠু তদন্ত হবে না। এপিএসের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিএসকে। তাই আমাদের দাবি, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে কারা এই বিরাট অঙ্কের লেনদেনে জড়িত, তা বের করতে হবে।” জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জয়নুল আবেদীনের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। সুরঞ্জিতের এপিএসের গাড়িতে টাকা পাওয়ার ঘটনাটিকে নজির হিসেবে তুলে ধরে বিএনপি নেতা বলেন, “বর্তমান সরকারের নিচ থেকে উচ্চতম স্থান পর্যন্ত পুরো প্রশাসনকে দুর্নীতি গ্রাস করেছে। সরকার বাংলাদেশকে দুর্নীতির সমুদ্রে পরিণত করেছে।” পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এবং বিদ্যুৎখাতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টও ‘দুর্নীতির’ নজির বলে দাবি করেন তিনি। মওদুদ বলেন, “মন্ত্রিসভার ২/৩ ছাড়া সব সদস্য ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা দুর্নীতির সঙ্গে জড়িত।” “আজ সুরঞ্জিত বাবু ধরা পড়েছেন, অন্য মন্ত্রীরা লুকায়িত আছেন। সব মন্ত্রী ও এমপিদের গাড়ি তল্লাশি করলে লক্ষ-কোটি টাকার পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২১০ ঘ.